চোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী: স্মৃতিকথায় সোনিয়া গান্ধী
ভারতে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী বাজারে আসা তার স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে খোলামেলা পর্যবেক্ষণ তুলে ধরেছেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিক নানা আয়োজনে দেখা হলেও তাদের মধ্যে কোনও ‘প্রকৃত যোগাযোগ’ নেই বলে জানিয়েছেন সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
একই সঙ্গে তিনি দাবি করেছেন, মুখোমুখি হলে প্রধানমন্ত্রী মোদী চোখে চোখ রাখা এড়িয়ে যান এবং চোখ ফিরিয়ে নেওয়ার প্রবণতা দেখান।
এনডিটিভি লিখেছে, বাজারে আসা নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ মোদী সম্পর্কে এসব খোলামেলা পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোনিয়া।
বইটিতে তিনি লিখেছেন, “এই লেখাটি তৈরি করা পর্যন্ত নরেন্দ্র দামোদরদাস মোদী ১২ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী এবং এখন তিনি তৃতীয় মেয়াদে ক্ষমতায়। কিন্তু আজ পর্যন্ত তার সঙ্গে কার্যত আমার কোনো প্রকৃত যোগাযোগই গড়ে ওঠেনি।”
সৌজন্যের ঘাটতি ও চোখ ফিরিয়ে নেওয়া:
অতীতে দলমত নির্বিশেষে ভারতীয় শীর্ষ নেতাদের পারস্পরিক আন্তরিক হৃদ্যতার কথা স্মরণ করিয়ে দিয়ে সোনিয়া জানান, মোদীর আচরণ এর তুলনায় বেশ আলাদা।
সংসদ অধিবেশন শেষে স্পিকারের কক্ষে প্রধান দলগুলোর নেতাদের প্রথাগত বৈঠকের কথা উল্লেখ করে সোনিয়া লেখেন,
“এটি খুব ছোট একটি কক্ষ এবং সাধারণত সেখানে অনেকেই উপস্থিত থাকেন। কিন্তু তিনি যখন আমার মুখোমুখি হন, আমরা পরস্পরকে আনুষ্ঠানিকভাবে ‘নমস্তে’ বলি।
তবে তিনি সচরাচর অন্য দিকে তাকান, চোখে চোখ রাখা এড়িয়ে চলেন। এটি অতীতের তুলনায় একেবারেই আলাদা। আগে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ভিন্ন ভিন্ন দলের নেতারাও একে অপরের সঙ্গে আন্তরিক সৌজন্য বজায় রাখতেন।” কিন্তু মোদীর ক্ষেত্রে তা অুপস্থিত বলেই মত প্রকাশ করেন সোনিয়া।
আনুষ্ঠানিক জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা বিনিময় ছাড়া তাদের মধ্যে কখনো কোনো বাস্তব আলাপ হয়নি জানিয়ে সোনিয়া উল্লেখ করেন, কেবল বিভিন্ন সময়ে হাসপাতাল থেকে ফেরার পর মোদী জানতে চাইতেন, “ঠিক হ্যায় আপ?” (আপনি কেমন আছেন?)।
জবাবে সোনিয়া বলতেন, “জি, আব ম্যায় ঠিক হুঁ, শুকরিয়া” (হ্যাঁ, ধন্যবাদ, আমি এখন ভালো আছি)।
দুই বিপরীতমুখী রূপকল্প:
পরস্পরের সম্পূর্ণ বিপরীতমুখী মতাদর্শিক অবস্থান তুলে ধরে সোনিয়া লেখেন, মোদীর ভারত গড়ে উঠেছে আরএসএসের মতাদর্শের ভিত্তিতে; যা তার ধর্মীয় বিশ্বাসে এক ধরনের ‘মৌলবাদ’ প্রতিষ্ঠা করেছে।
সেখানে মোদীর নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতি অন্য সবার ওপর প্রাধান্য পায় এবং স্তরবিন্যাস, অনুশাসন ও নিয়ন্ত্রণই তার মূল ভিত্তি।
বিপরীতে নিজের পারিবারিক শিক্ষা তুলে ধরে তিনি জানান, তার বিশ্বাস গড়ে উঠেছে স্বাধীনতা, সমতা এবং সব জাতি, ভাষা ও ধর্মের সমাহার ঘটানো একটি দেশের প্রতি অবিচল আস্থা থেকে।
সোনিয়ার ভাষায়, “তিনি লড়াই করছিলেন তার রূপকল্পের ভারতের জন্য, আর আমি লড়াই করছিলাম আধিপত্যবিরোধী, অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ এক ভারতের জন্য। এটি কোনো ব্যক্তিগত বিষয় ছিল না।”
দিল্লির শাসক অভিজাত ও মোদীর উত্থান:
রাজনীতিতে দুজনের পথ ভিন্ন হলেও দিল্লির তৎকালীন শাসক অভিজাত শ্রেণির প্রতি মোদীর যে অস্বস্তি ছিল, তা তিনি বুঝতে পারতেন বলে উল্লেখ করেছেন সোনিয়া।
তার মতে, দিল্লির ড্রয়িংরুমের রাজনৈতিক অভিমত তৃণমূলের বাস্তব সংগ্রাম ও মানুষের ভোগান্তি থেকে অনেক দূরে ছিল।
মোদীর উত্থান প্রসঙ্গে সোনিয়া লেখেন, জনসংযোগ দল (পিআর টিম) যেভাবে তুলে ধরে, পারিবারিক পটভূমি হয়তো ততটা দীনহীন ছিল না।
তবে এটি নিশ্চিত যে একটি সুবিধাবঞ্চিত পরিবেশ থেকেই তিনি আরএসএস-এর ভেতরে নিজের পরিশ্রমে ধাপে ধাপে ক্ষমতার শীর্ষে উঠে এসেছেন।
সংসদের ভাষা ও সঙ্ঘ পরিবারের রাজনীতি:
প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় বক্তব্যের সমালোচনা করে সোনিয়া গান্ধী লিখেছেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী প্রায়ই জনসভার মতো কর্কশ ভাষা ব্যবহার করেন এবং বিরোধীদের নিশানা করে তীব্র বিষোদ্গার চালান।
তিনি বলেন, দেশকে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ পথে এগিয়ে নেওয়ার কারণে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সবসময়ই বিজেপি ও সঙ্ঘ পরিবারের বিদ্বেষের মূল নিশানা হয়ে আছেন। সঙ্ঘ পরিবারের বিভিন্ন ইন্টারনেট সাইট নেহরুর বিরুদ্ধে বিদ্বেষমূলক অপপ্রচার ও মিথ্যাচারে ভরা।
বিজেপির ঘোষিত ‘কংগ্রেস-মুক্ত ভারত’, অর্থাৎ দল, এর নীতি ও মতাদর্শ থেকে ভারতকে মুক্ত করার এই লক্ষ্যকে আরএসএসের দীক্ষার ফল আখ্যা দেন সোনিয়া।
তিনি লেখেন, সঙ্ঘ পরিবার তাদের ক্যাডারদের মধ্যে হিন্দুধর্মের একটি কঠোর ও বর্জনমূলক রূপ গেঁথে দিয়ে তাকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে।
ধর্মের বহুত্ববাদ ও বর্ণপ্রথার দেয়াল:
শাশুড়ি ইন্দিরা গান্ধী ও মহাত্মা গান্ধীর কাছ থেকে অহিংসা ও ধর্মের যে শিক্ষা পেয়েছেন, তা তুলে ধরে সোনিয়া বলেন, বহু শতাব্দী ধরে এ দেশের মানুষ যে ধর্মীয় চেতনা লালন করে আসছে, তা কোনও একক ঈশ্বর, ধর্মীয় মতবাদ, পয়গম্বর কিংবা ধর্মগ্রন্থে আবদ্ধ নয়; বরং তা বৈচিত্র্য এবং ভিন্নমতের ঐতিহ্যকে ধারণ করে।
ভারতীয় সমাজে বর্ণপ্রথার দীর্ঘকালীন নিপীড়ন ও বৈষম্যের কথা স্বীকার করে সোনিয়া লেখেন, “এই ব্যবস্থার নিজস্ব সংকট রয়েছে ঠিকই, তবে এই ধর্মের বড় বড় সমাজসংস্কারকেরা হিন্দুধর্মের ভেতরের দর্শনকে কাজে লাগিয়েই বর্ণপ্রথার সেই শক্ত বাঁধনকে প্রশ্নবিদ্ধ ও চ্যালেঞ্জ করেছিলেন।”
