প্রণব মুখোপাধ্যায়ের ‘পরামর্শে’ চমকে গিয়েছিলেন সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী তার স্মৃতিকথা 'বিলংগিং: আ জার্নি অফ লাভ' এ এই তথ্যটি প্রকাশ করেছেন।
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল, প্রচলিত এমন ধারণা আরও জোরালো করলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী
এই বহুদর্শী নেতার সঙ্গে ২০১০ সালে হওয়া এক কথোপকথনের কথা উল্লেখ করে সোনিয়া জানান, পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতি হওয়া কংগ্রেসের এই নেতা একবার তাকে এই পরামর্শ দিয়ে চমকে দিয়েছিলেন যে, হয়তো ‘এখন শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে’।
সোনিয়া গান্ধী তার স্মৃতিকথা 'বিলংগিং: আ জার্নি অফ লাভ' এ এই তথ্যটি প্রকাশ করেছেন। মঙ্গলবারই বইটি বাজারে এসেছে; জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
নিজের বইতে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী (সাবেক) ড. মনমোহন সিং এবং তার মধ্যে দায়িত্বের একটি ‘অলিখিত বিভাজন’ ছিল, যা অত্যন্ত মসৃণভাবে কাজ করত।
"ড. মনমোহন সিংয়ের অধীনে ছিল সরকার আর আমার অধীনে দল,” লিখেছেন তিনি।
দল ও সরকারের মধ্যে ক্ষমতার এই পৃথকীকরণের কথা উল্লেখ করার পাশাপাশি, সোনিয়া একটি ঘটনা বর্ণনা করেছেন যে কীভাবে প্রণব মুখোপাধ্যায় একবার প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি লিখেছেন, "উভয় পক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে একটি কেন্দ্রীয় গ্রুপের বৈঠক হতো। এর অন্য সদস্যদের মধ্যে ছিলেন প্রণব মুখোপাধ্যায় (সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন), রাজনৈতিকভাবে দূরদর্শী অর্জুন সিং (মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী), এ কে অ্যান্টনি (কেরালার সাবেক মুখ্যমন্ত্রী) এবং আহমেদ প্যাটেল।
"সংসদে উত্থাপন করা বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য গঠিত 'কৌশলগত গ্রুপ' এর সদস্য হিসেবেও আমরা নিয়মিত বৈঠক করতাম। মাঝে মাঝে প্রণব জি (আমি তাকে সবসময় এই নামেই ডাকতাম) কথা বলার জন্য একটু বেশি সময় থেকে যেতেন।"
সোনিয়া তার বইতে লিখেছেন, "তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে তার (প্রণব) গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল আর ২০১০ সালের এক বৈঠকে, আমার মনে হয় নিজের হতাশা প্রকাশের পর তিনি আমাকে এই পরামর্শ দিয়ে চমকে দিয়েছিলেন যে সম্ভবত এখন শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে। আমি এটিকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার দীর্ঘদিনের লালিত ইচ্ছার একটি ইঙ্গিত হিসেবেই বুঝেছিলাম।
"আমি ভদ্রভাবে বিষয়টি এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গে চলে যাই। যদিও তিনি হয়তো হতাশ হয়েছিলেন, তবে তিনি কখনোই আমাকে বুঝতে দেননি যে এই নিয়ে আমার ওপর তার কোনো ক্ষোভ ছিল।”
তিনি আরও উল্লেখ করেন, কংগ্রেস ২০১২ সালে মুখোপাধ্যায়কে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি পদের জন্য সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী হিসেবে মনোনীত করেছিল এবং তিনি নির্বাচিত হয়েছিলেন।
"আমি প্রায়শই তার সঙ্গে দেখা করতে যেতাম, মূলত এই বিদগ্ধ ও জ্ঞানী রাজনীতিবিদের সঙ্গে শুধু কথোপকথনের জন্য, যা তিনি সবসময়ই ছিলেন।"
২০২০ এর ৩১ আগস্ট ৮৪ বছর বয়সে নয়াদিল্লিতে ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন।
