১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী?

রক্তাক্ত রাজনীতি থেকে স্বামী রাজীব গান্ধীকে দূরে থাকার জন্য অনুনয় করলেও, মা হয়ে কেন ছেলে রাহুলকে এপথে আসতে বাধা দেননি ভারতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া। স্মৃতিকথায় তিনি জানিয়েছেন সেই সত্য।

স্বামীকে রাজনীতিতে বারণ করলেও ছেলেকে কেন বাধা দেননি সোনিয়া গান্ধী?

রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী। ছবি: এনডিটিভি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 08:27 PM

Updated : 10 Nov 2026, 08:36 PM

রাজনীতিতে না জড়াতে স্বামী রাজীব গান্ধীকে একসময় অনুনয়-বিনয় করেছিলেন ভারতীয় কংগ্রেস পার্টির সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে ছেলে রাহুল গান্ধী যখন সক্রিয় রাজনীতিতে পুরো জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, তখন আর তাতে কোনও বাধা দেননি তিনি।

এনডিটিভি লিখেছে, বিশ্বজুড়ে বাজারে আসা নিজের নতুন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ একথা প্রকাশ করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ। বইটিতে সোনিয়া গান্ধী লিখেছেন, রাজনীতির প্রতি রাহুলের আগ্রহ ছিল বহু পুরোনো।

ভারতের হিন্দি বলয়ের রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য উত্তর প্রদেশের আমেঠি আসনের সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা, উভয়েরই ছিল দীর্ঘদিনের গভীর আত্মিক সম্পর্ক।

আমেঠির পাঠ ও কেমব্রিজের দিনগুলো

সোনিয়া জানান, রাহুল স্কুলপড়ুয়া থাকার সময় থেকেই রাজীব গান্ধী তাকে একাধিকবার আমেঠিতে নিয়ে যেতেন। পরবর্তী সময়েও গ্রামীণ জীবনের কঠিন বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাকে সেখানে নিয়ে যাওয়া হত।

অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী শুরু থেকেই আমেঠিতে সোনিয়ার প্রতিটি নির্বাচনের প্রচার সামলেছেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের আপনজন হয়ে উঠেছিলেন।

তবে ওই সময় প্রিয়াঙ্কার প্রাথমিক অগ্রাধিকার ছিল ছোট সন্তানদের বড় করে তোলা এবং বৌদ্ধধর্ম চর্চায় স্নাতকোত্তর ডিপ্লোমার পড়াশোনা সম্পন্ন করা।

বিদেশে কর্মরত অবস্থাতেও রাহুল যখনই ভারতে ফিরতেন, মা কিংবা বোনের সঙ্গে আমেঠিতে যেতেন বলে উল্লেখ করেন সোনিয়া। ফলে স্থানীয়দের কাছে তারা দুজনই ছিলেন অত্যন্ত চেনা মুখ।

স্থায়ীভাবে ভারতে ফিরে আসার পর আমেঠিতে এসব সফরের মধ্য দিয়েই রাহুল ধীরে ধীরে জনগণের প্রতিনিধি হয়ে কাজ করার তাগিদ অনুভব করেন।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রাহুলের এমফিলের বিষয় ছিল ডেভেলপমেন্ট স্টাডিজ (উন্নয়ন অধ্যয়ন)। বিদেশে চাকরি করার সময়েও তিনি নিয়মিত ভারতের রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর নজর রাখতেন।

২০০৪ সালের সিদ্ধান্ত ও দুই দশকের ব্যবধান

সোনিয়া উল্লেখ করেন, কংগ্রেসের পক্ষ থেকে রাহুলকে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য জোরালো চাপ দেওয়া হচ্ছিল।

কিন্তু এই সিদ্ধান্তের অর্থ ছিল জীবনের আমূল পরিবর্তন, একজন সার্বক্ষণিক জনব্যক্তিতে পরিণত হওয়া, যেখানে প্রতিটি পদক্ষেপে মানুষের নজরদারি ও বিচার-বিশ্লেষণের মুখে পড়তে হবে।

সোনিয়া ও প্রিয়াঙ্কার সঙ্গে বিস্তারিত আলোচনা এবং দীর্ঘ চিন্তাভাবনা শেষে রাজনীতিতে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন রাহুল।

এরপর ২০০৪ সালের মার্চে রাহুল ঘোষণা দেন তিনি আমেঠি আসন থেকে লড়বেন, আর সোনিয়া গান্ধী সরে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন পাশের রায়বেরেলি আসনে।

স্বামী ও ছেলের রাজনীতিতে আসার সেই বিপরীতমুখী মুহূর্তের স্মৃতিচারণ করে সোনিয়া লিখেছেন, “দুই দশক আগে আমি রাজীবের কাছে অনুনয় করেছিলাম, যেন সে রাজনীতিতে না জড়ায়; নিজেকে এবং আমাদের সবাইকে যেন সেই ভয়াল জগতের মধ্যে ছুড়ে না ফেলে। এবার ছিল আমার ছেলের পালা, আর এবার আমি কোনও বাধা দিইনি।”

রাজীব গান্ধীকে রাজনীতি থেকে দূরে থাকার জন্য সোনিয়া মিনতি করেছিলেন। কারণ, তিনি রাজনীতিকে একটি ভয়ঙ্কর ও জঘন্য জগৎ হিসেবেই দেখেছিলেন এবং রাজীব গান্ধীর নিরাপত্তার কথা ভেবে শঙ্কিত ছিলেন। পরবর্তীতে রাজীব গান্ধী বোমা হামলায় নিহত হন।

বাবার এই পরিণতি নিয়ে রাহুলের আশঙ্কার ছিল জানিয়ে সোনিয়া লিখেছেন, “রাহুল তার বাবার মর্মান্তিক পরিণতি আগেই আঁচ করতে পেরেছিল; এ নিয়ে সে বাবার সঙ্গে প্রবল আপত্তি তুলে বিরোধেও জড়িয়েছিল। তারপরও বাবার আদর্শের সঙ্গে তার এক গভীর আত্মিক টান ছিল। চোখের সামনে ঘনিয়ে আসা বিপদ জেনেও রাজীব যেভাবে অবিচল সাহসে লড়াই চালিয়ে গিয়েছিলেন, তার প্রতি রাহুলের মনে গভীর শ্রদ্ধা ছিল।”

সোনিয়ার মতে, রাহুল প্রাপ্তবয়স্ক এবং সচেতন ছিলেন; রাহুল নিজে তার বাবার পরিণতির কথা জানতেন এবং বুঝেশুনেই বাবার আদর্শ ও মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে এই কঠিন পথ বেছে নিয়েছিলেন।

বড় জয় ও আমেঠির উন্নয়ন

নিজের প্রথম নির্বাচনেই বিপুল ভোটে জয়ী হন রাহুল গান্ধী। সোনিয়া লিখেছেন, বাবার পদাঙ্ক অনুসরণ করে গ্রামীণ আমেঠিতে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা নিয়ে আসার মাধ্যমে বিপুল উৎসাহ নিয়ে নতুন দায়িত্ব পালনে নেমে পড়েন তিনি।

এ ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী নিজেকে একজন ‘দক্ষ ব্যবস্থাপক’ হিসেবে প্রমাণ করেন। আমেঠিতে নারীদের পরস্পরকে সহায়তার মাধ্যমে পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে তিনি একাধিক স্বনির্ভর দল (এসএইচজি) গড়ে তোলেন।

সোনিয়া লেখেন, প্রিয়াঙ্কার শুরু করা এই স্বনির্ভর দলগুলো ছোট পরিসরে যাত্রা করলেও তা ছিল অত্যন্ত সম্ভাবনাময়। পরে রাহুল এতে যুক্ত হলে আমেঠির এই স্বনির্ভর কর্মসূচি গোটা উত্তর ভারতের বৃহত্তম উদ্যোগে রূপ নেয়।

এছাড়া আমেঠিতে একটি আধুনিক ও অত্যন্ত জরুরি চক্ষু হাসপাতাল গড়ে তোলেন রাহুল, যার শাখা পরবর্তী সময়ে লখনৌ ও হরিয়ানায় বিস্তৃত হয়।