‘তোমাকেও ওরা মেরে ফেলবে’: স্মৃতিকথায় ভারতের রাজনীতিতে সোনিয়া গান্ধীর বেদনার ক্ষত
ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের পর রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রী হতে বারণ করেছিলেন সোনিয়া। তার স্মৃতিগ্রন্থে উঠে এসেছে জীবনের সেই ভয়াবহ আতঙ্ক, সংগ্রাম আর স্বজন হারানোর না বলা কথা।
১৯৮৪ সালের ৩১ অক্টোবরের সকাল। দিল্লির প্রধানমন্ত্রী ভবনে গোসলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তরুণী গৃহবধূ সোনিয়া গান্ধী। ঠিক তখনই হঠাৎ বাগানে গুলির শব্দ প্রতিধ্বনিত হয়।
তার কয়েক মুহূর্ত আগেই পাশের ভবনে নিজের দপ্তরের উদ্দেশে বেরিয়েছিলেন তার শ্বাশুড়ি তথা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
সে বছর অমৃতসরের শিখ ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থ স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ নিতে ইন্দিরার দুই শিখ দেহরক্ষীই তাকে গুলি করে হত্যা করে।
গুলির আওয়াজটি ছিল অনেকটা আতশবাজি বা পটকা ফোটার মতো, তবে কিছুটা ‘আলাদা’। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের আয়া বাথরুমের দরজায় প্রচণ্ড ধাক্কা দিয়ে চিৎকার করতে করতে বাগানের দিকে ইশারা করেন।
সোনিয়া বাইরে ছুটে গিয়ে দেখেন, একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি ধীরগতিতে তার দিকে এগিয়ে আসছে। ভেতরে রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছেন ইন্দিরা, রক্তে শাড়ি ভিজে গেছে, চোখ খোলা এবং মুখে একধরনের বিস্ময়ের ছাপ।
সোনিয়া শুধু বলতে চেয়েছিলেন ‘মাম্মি, মাম্মি’; কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হাসপাতালে দীর্ঘ কয়েক ঘণ্টার উৎকণ্ঠার পর চিকিৎসকের মাথা নাড়ানোই নিশ্চিত করে দেয় তার সবচেয়ে বড় আশঙ্কার কথা।
তবে দুঃস্বপ্নের সেখানেই শেষ ছিল না। পশ্চিমবঙ্গের এক জনসভা থেকে জরুরি তলব পেয়ে দিল্লি ফিরে সোনিয়াকে তার স্বামী রাজীব গান্ধী জানান, দলীয় নেতারা চাইছেন তিনিই যেন পরবর্তী প্রধানমন্ত্রী হন। সে সময় ক্ষোভ ও আতঙ্কে ফেটে পড়েছিলেন সোনিয়া।
স্বামীর কাছে মিনতি করে বলেছিলেন, “ওরা তোমাকেও মেরে ফেলবে; তোমাকেও ওরা মেরে ফেলবে!”
রাজীবের শান্ত কিন্তু হিমশীতল জবাব ছিল, “ওরা আমাকে এমনিতেই মেরে ফেলবে।” ওই দিন সন্ধ্যায় ইন্দিরার মরদেহ বাড়িতে রেখে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব।
সোনিয়া গান্ধীর সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ ব্যক্তিজীবনের এই গভীর ক্ষত এবং ভারতের রাজনীতিতে গণমানুষের নির্মম চাপের কথা এভাবে উঠে এসেছে।
রাজনীতিতে অনীহা ও গীতার পাঠ
১৯৯১ সালে এক আত্মঘাতী হামলায় প্রাণ হারান রাজীব গান্ধীও। টানা দুটি হত্যাকাণ্ডের পর সোনিয়া নিজেকে জনজীবন থেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন।
রাজনীতিকে তিনি কোনোদিনই পছন্দ করেননি; কারণ এই রাজনীতিই তার কাছ থেকে প্রথমে শাশুড়িকে এবং পরে জীবনের সবচেয়ে বড় ভালোবাসা ও সন্তানদের পিতাকে কেড়ে নিয়েছিল।
রাজীবের মৃত্যুর পর তার স্মৃতি তহবিলের অনুষ্ঠানে উপস্থিত হওয়াও সোনিয়ার জন্য ভীষণ যন্ত্রণার ছিল। তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা যখন তাকে জিজ্ঞেস করেছিলেন, স্বামীর হত্যাকারীদের প্রতি তার মনে কোনও প্রতিশোধের ভাবনা আছে কি না, সোনিয়া উত্তর দিয়েছিলেন, “না, নেই” এবং কান্নায় ভেঙে পড়েছিলেন।
তবে ১৯৯০-এর দশকের শেষভাগে এসে নেহরু-গান্ধী পরিবারের রাজনৈতিক দল কংগ্রেস ভাঙনের মুখে পড়তে শুরু করে।
জ্যেষ্ঠ নেতাদের দলত্যাগ এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের মুখে দলের নেতারা সোনিয়াকে রাজনীতিতে নামার জোর তাগিদ দিতে থাকেন।
সোনিয়া দীর্ঘদিন এই প্রস্তাব ফিরিয়ে দেন। এমনকি তার দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাও মায়ের রাজনীতিতে আসা নিয়ে শঙ্কিত ছিলেন; কারণ তারা তাদের দাদি ও বাবাকে হারিয়েছেন।
সোনিয়া লিখেছেন, এই দ্বিধাদ্বন্দ্বের অবসান হয়েছিল হিন্দু ধর্মীয় গ্রন্থ ‘ভগবদ্গীতা’র মাধ্যমে। ১৯৯৭ সালের জানুয়ারিতে এক সংস্কৃত পণ্ডিতের কাছে গীতার শ্লোক ধরে ধরে পাঠ নিতে শুরু করেন তিনি।
ফলের আশা না করে নিজের কর্তব্য বা ‘ধর্ম’ পালন করার যে মূল বার্তা গীতায় রয়েছে, তা তার ভেতরের যাবতীয় সংশয় দূর করে দেয়। এরপরই রাজনীতির ময়দানে সক্রিয় হন তিনি।
২০০৪ সালের নাটকীয় প্রত্যাখ্যান
স্মৃতিকথায় সোনিয়ার সবচেয়ে নাটকীয় অধ্যায় ২০০৪ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জোটের অপ্রত্যাশিত বিজয়ের পর প্রধানমন্ত্রিত্ব প্রত্যাখ্যানের ঘটনা।
সে সময় রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবি জানানোর পর সবাই ধরে নিয়েছিল সোনিয়াই প্রধানমন্ত্রী হচ্ছেন।
কিন্তু সোনিয়া পদ গ্রহণে অস্বীকৃতি জানালে নেতাকর্মীরা তার বাসভবনে ভিড় করেন এবং শরিক নেতারা তাকে রাজি করতে প্রচণ্ড চাপ সৃষ্টি করেন।
একপর্যায়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি ‘ঠিক হ্যায়’ বলে ফেললে সবাই এটিকে সম্মতি ভেবে উল্লাস শুরু করেন।
তবে ছেলে রাহুল ও মেয়ে প্রিয়াঙ্কার জোরালো আপত্তি এবং নিজের বিদেশি পরিচয়কে ইস্যু করে বিজেপি যেন দেশে চরম অরাজকতা তৈরি করতে না পারে, সেই বিবেচনায় শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকেন সোনিয়া।
পরদিন সকালে তিনি অর্থনীতিবিদ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন; যাকে তিনি ‘বিতর্কের ঊর্ধ্বে’ থাকা এবং দেশ পরিচালনায় ‘নিখুঁত সমঝদার’ হিসেবে মূল্যায়ন করেছেন।
অতৃপ্তি নিয়ে প্রস্থান:
ব্যক্তিগত ট্র্যাজেডি ও রাজনীতির বহু চড়াই-উতরাই পেরিয়ে ৭৯ বছর বয়সী সোনিয়া এখন রাজ্যসভার সদস্য। তার ছেলে রাহুল গান্ধী লোকসভার বিরোধীদলীয় নেতা এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তবে স্মৃতিকথার শেষভাগে কোনও বিজয়ের উল্লাস নেই, বরং এক ধরনের বিষাদ ছুঁয়ে গেছে।
জীবনের লড়াইয়ের মূল্যায়ন করতে গিয়ে সোনিয়া লিখেছেন, “আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে, সাধ্যমতো সব চেষ্টাই করেছি; কিন্তু যে শক্তিগুলোর বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলাম, তাদের পেছনে হটিয়ে দিতে আমি সফল হইনি।”
