ময়মনসিংহে ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ যুবক নিহত
এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাক ও পিকআপ সংঘর্ষে দুই যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুর নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম।
নিহত দুইজনই পুরুষ। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিক তাদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
ওসি আজহারুল বলেন, পিকআপটি ত্রিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই তিনজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওসি আজহারুল বলেন, ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
