১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

সিলেট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত, লাশ পরিবারের কাছে

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশের একটি দল নিহত যুবকের বাড়িতে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Oct 2026, 08:18 PM

Updated : 16 Oct 2026, 08:18 PM

সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

স্বজনদের বরাতে কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে ভারতের অভ্যন্তরে আকুয়া সীমান্ত এলাকায় গিয়ে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। শুক্রবার দুপুরের পর স্বজনরা তার মরদেহটি দেশে নিয়ে আসেন।

নিহত খালেদ আহমদ (৩২) কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

এর আগে ১০ অক্টোবর কানাইঘাট উপজেলার সোনারখেওড় সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে শাহিন আহমদ নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার দুপুরে ১০ জনের একটি দলের সঙ্গে দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলার সংলগ্ন মিকিরপাড়া এলাকা দিয়ে ভারতের আকুয়া এলাকায় যান খালেদ। সেখানে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশের একটি দল নিহত যুবকের বাড়িতে গেছেন। তবে সীমান্ত এলাকা হওয়ায় দেরি হচ্ছে। পুলিশ সদস্যরা ফিরে আসার পর বিস্তারিত জানানো হবে।