২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ

তাদের শরীরের ৩৫ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 09:27 PM

Updated : 25 Nov 2026, 09:27 PM

চট্টগ্রাম নগরীর একটি বাসায় হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আরিফ (৩৫), তার স্ত্রী রাশেদা বেগম (২৮) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আরিফা।

বন্দর থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলার বাসিন্দা আরিফ চট্টগ্রাম নগরীতে দিনমজুরের কাজ করেন। মাঝেমধ্যে রিকশাও চালান। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি ওই বাসায় থাকতেন।

ওসি বলেন, আজিজ ভবনের নিচতলায় এক কক্ষের ওই বাসাটির পাশাপাশি আরও কয়েকটি বাসা রয়েছে, সেখানেও লোকজন বসবাস করেন।

“মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ কক্ষটিতে বিস্ফোরণ হয়। এতে বাসার দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। বাড়ির মালিক ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।”

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানান, বিস্ফোরণে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে।

তাদের মধ্যে আরিফ ও রাশেদাকে চট্টগ্রাম মেডিকেলের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং আরিফাকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি বলেন, এক কক্ষের বাসাটির সঙ্গে একটি বাথরুম রয়েছে। রান্নার চুলা ঘরের বাইরে। পরিবারের সবাই দগ্ধ হওয়ায় তাদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

“কী কারণে এ ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখছি।”