চট্টগ্রামে নিজ বাসায় পড়ে ছিল নারীর লাশ
পুলিশ বলেছে, মরদেহে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।
চট্টগ্রামে নিজ বাসা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি সরকারি পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি নূর নাহার বেগম (৭৫) নামে এক নারীর।
সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মরদেহে প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন কিংবা অস্বাভাবিক কিছুই দেখা যায়নি। তবে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।
"যার কারণে আমাদের কিছু সন্দেহ কাজ করছে। এ কারণে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, নূর নাহার দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। স্বামী আগেই মারা গেছেন। দেড় মাস আগে ব্লাড ক্যান্সারে আক্রান্ত বড় ছেলে মারা যান। ছোট ছেলেকে নিয়ে তিনি ওই বাসায় থাকতেন। ছেলের স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি বাবার বাড়িতে আছেন।
সকালে ছোট ছেলে অফিসে চলে যাওয়ার পর বাসায় একা ছিলেন নূর নাহার।
ওসি একরাম বলেন, “তার বাসার সামনে-পেছনে দুই গেইট। পেছনের গেইটের সঙ্গে লাগোয়া তিনটি ভাড়া ঘর আছে। সেগুলোতে এক সিএনজি অটোরিকশাচালক ও কয়েকজন পোশাককর্মী ভাড়া থাকেন। তারা পেছনের গেইটটি ব্যবহার করতেন৷”
বুধবার দুপুরের পর খেকে পেছনের গেইট খোলা ছিল, সন্ধ্যার পরও গেইট বন্ধ না করায় প্রতিবেশী কয়েকজন ঘরে গিয়ে বেডরুমের দরজাও খোলা পান। ভেতরে গিয়ে নুর নহারকে বিছানার ওপর সাড়া শব্দহীন শোয়া অবস্থায় দেখেন।
