৫ গোলের লড়াইয়ে পর্তুগালকে জেতালেন নতুন ৭ নম্বর
রোমাঞ্চকর লড়াইয়ে বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর তার আইকনিক জার্সি নম্বর পাওয়া ফুটবলার।
লড়াই হলো জমাজমাট। প্রথমার্ধে গোল হলো চারটি। তাতে দুই দলই একবার করে এগিয়ে গেল, কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না কেউ। বিরতির পর বদলি নেমে ব্যবধান গড়ে দিলেন কার্লোস ফর্বস। বেশ কিছুটা সময় একজন কম নিয়ে খেলেও জয়ের আনন্দে মাঠ ছাড়ল পর্তুগাল।
কার্ডিফ সিটি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে উয়েফা নেশন্স লিগে ওয়েলসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। ৭৪ মিনিট থেকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে জয়ীদের।
ব্রুনো ফের্নান্দস পর্তুগালকে এগিয়ে নেওয়ার পরপরই সমতা টানেন ডেভিড ব্রুকস। প্রথমার্ধের শেষ দিকে সোর্বা টমাসের গোলে ওয়েলস এগিয়ে যাওয়ার পর, সমতা ফেরান পেদ্রো নেতো, যিনি পরে দেখেন লাল কার্ড। ওই ঘটনার একটু আগে জয়সূচক গোলটি করেন ফর্বস।
২২ বছর বয়সি এই উইঙ্গারের প্রথম আন্তর্জাতিক গোল এটি। পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর মহাতারকার আইকনিক ৭ নম্বর জার্সি পেয়েছেন ফর্বস।
(বিস্তারিত আসছে)
