ব্লগার নিলয় হত্যা: ময়নাতদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য
এ নিয়ে মামলাটিতে ছয়জনের সাক্ষ্য শেষ হল।
ঢাকার গোড়ানে নিজ বাসায় ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয়কে হত্যার মামলায় সাক্ষ্য দিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে সোমবার তিনি সাক্ষ্য দেন। এ নিয়ে মামলাটিতে ছয়জনের সাক্ষ্য শেষ হল।
আগামী ২৫ নভেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন রাখা হয়েছে বলে বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানিয়েছেন।
২০১৫ সালের ৭ অগাস্ট খিলগাঁওয়ের গোড়ানে নিজ বাসায় খুন হন ব্লগার নিলয়। সেদিন রাতেই খিলগাঁও থানায় কারো নাম তুলে না ধরে চারজনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী আশা মনি।
পাঁচ বছর পর তদন্ত শেষে ২০২০ সালের ৪ অক্টোবর অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস। সেখানে বহিষ্কৃত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়াসহ ১৩ জনকে আসামি করা হয়। ২০২২ সালের ১৮ জানুয়ারি বিচার শুরু হয়।
মামলার অভিযোগপত্রে আসামি তালিকায় রয়েছেন- সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, মো. মাসুম রানা, সাদ আল নাহিন, মো. কাওসার হোসেন খান, মো. কামাল হোসেন সরদার, মুফতি আব্দুল গফ্ফার, মো. মর্তুজা ফয়সাল সাব্বির, মো. তরিকুল আলম ওরফে তারেক, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে রিফাত ওরফে ফাহিম ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাহাব, মোজাম্মেল হোসেন সায়মন, আরাফাত হোসেন সিয়াম ও মো. শেখ আব্দুল্লাহ আল জুবায়ের।
আসামিদের মধ্যে মেজর জিয়া ও কাওসার হোসেন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। অন্য আসামিদের কেউ কারাগারে, কেউ জামিনে।
