১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চট্টগ্রামে ৮ মাসে যে উন্নয়ন করেছি, আওয়ামী লীগ ১০ বছরে পারে নাই: মীর হেলাল

“শাহাদাত হোসেনের দুই বছরের বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে, তিনি সবসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন।”

চট্টগ্রামে ৮ মাসে যে উন্নয়ন করেছি, আওয়ামী লীগ ১০ বছরে পারে নাই: মীর হেলাল

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের দুই বছর পূর্তির অনুষ্ঠানে বক্তব্য দেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 06:55 PM

Updated : 14 Nov 2026, 06:55 PM

আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে নিজের আট মাসের দায়িত্বকালে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ও প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মেয়র ও সদ্য প্রশাসক হিসেবে শাহাদাত হোসেনের দুই বছরের বিশেষত্ব কী? বিশেষত্ব হচ্ছে এটাই যে, শাহাদাত হোসেন সবসময় জনগণের প্রতিনিধিত্ব করেছেন; জনগণের কাতারে থেকেছেন; এই নগরবাসীকে নিয়ে কাজ করেছেন।”

সরকার ও সিটি করপোরেশনের উদ্যোগগুলো প্রচারে দলীয় নেতাকর্মীরা ‘বিমুখ’ মন্তব্য করে মীর হেলাল বলেন, “যেই পক্ষটি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যেই পক্ষটি একটি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলতে চায় উন্নয়ন হচ্ছে না। আমরা কিন্তু তাদের ইনডাইরেক্টলি সহযোগিতা করছি এগুলো প্রচার না করে।

“শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নয়, আমরা আমাদের সরকারের প্রতিটি কর্মকাণ্ড নিজের ফেসবুক থেকে বা সামাজিক মাধ্যমে দলের পক্ষে এবং সরকারের পক্ষে যেন আমরা দিই।”

তিনি বলেন, “এই আট মাস বা তার অল্প বেশি সময় ধরে যে উন্নয়ন চট্টগ্রামের জন্য করেছি, এইটা অতীতে ১০ বছরেও এই অবৈধ আওয়ামী শাসনামলে তারা সেটা করতে পারে নাই।”

অনুষ্ঠানে শাহাদাত হোসেন বলেন, “আমরা সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে এই শহরকে আরও পরিকল্পিতভাবে আমরা গড়ে তুলতে পারব। যদি নগর সরকার হত, এই সুন্দর শহরটাকে আরো বেশি সুন্দর করতে পারতাম। কমার্শিয়াল সিটির পরিপূর্ণতা দিতে পারতাম।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা পরিষদের আহবায়ক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য এস এম নছরুল কদির।