চসিকে দায়িত্বের দুই বছর: ‘স্বাবলম্বী’ হওয়াকে সাফল্য বলছেন শাহাদাত, ব্যর্থতা পরিচ্ছন্নতায়
শাহাদাত হোসেন ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র পদে শপথ নিয়ে ‘গ্রিন, ক্লিন ও হেলদি সিটি’ গড়তে আপ্রাণ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সর্বশেষ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে হেরেও চব্বিশের ৫ অগাস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আদালতের রায়ে মেয়র হন বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি শাহাদাত হোসেন। এর পর ১৯ দিন আগে গত ২৫ অক্টোবর সরকারি আদেশে হয়েছেন প্রশাসক।
মাঝের এই সময়ে গত দুই বছরে সিটি করপোরেশন পরিচালনায় নিজের সাফল্য হিসেবে শাহাদাত হোসেন দেখছেন চসিককে ‘স্বাবলম্বী’ করে তুলতে পারাকে। আর ব্যর্থতা হিসেবে মানছেন, পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার পূরণ করতে না পারা। পরিকল্পিত নগরী গড়তে তার চাওয়া ‘নগর সরকার’।
নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে অগ্রগতি ৭০ শতাংশ দাবি করে শুক্রবার প্রশাসক শাহাদাত হোসেন বলেন, “আরও ৪০টি খাল নিয়ে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হচ্ছে। সেই খালগুলো সংস্কার হলে নিরসন হবে এই সংকটের।”
শাহাদাত হোসেন ২০২৪ সালের ৩ নভেম্বর মেয়র পদে শপথ নিয়ে ‘গ্রিন, ক্লিন ও হেলদি সিটি’ গড়তে আপ্রাণ চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এদিকে মেয়র ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তিতে শনিবার চট্টগ্রামের একটি কনভেশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি করপোরেশন।
এরআগে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় দায়িত্ব পালনকালে নিজের সাফল্য ব্যর্থতার বিষয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।
নিজের মেয়াদে সিটি করপোরেশনকে ‘অনেকটা স্বাবলম্বী’ করে তুলতে পারাকে সবচেয়ে বড় সাফল্য দাবি করে শাহাদাত হোসেন বলেন, “দুই বছরে প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করে তুলতে পারাই বড় সফলতা। দুই বছর আগে দেনা ছিল ৫৯৬ কোটি টাকা। এখন সেটা কমে হয়েছে ৩২৫ কোটি টাকা। ওয়ার্ড কাউন্সিলররা না থাকা স্বত্ত্বেও সবাইকে নিয়ে কাজ করে এটা সম্ভব করতে পেরেছি।”
নিয়মিত খরচ মিটিয়ে দেনা কমানোর পাশাপাশি রাজস্ব আদায় বাড়ানোর কথা জানিয়ে প্রশাসক বলেন, “২০২৫-২৬ অর্থবছরে সিটি করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ ৫৫৭ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। এটি আগের অর্থবছরের চেয়ে ১৭৩ কোটি টাকা বেশি।”
চসিকের ব্যয় নির্বাহের জন্য সবসময় ঢাকার মুখাপেক্ষী হতে চান না দাবি করে তিনি বলেন, “পরিপূর্ণ স্বাবলম্বী প্রতিষ্ঠান গড়তে চাই। নগরবাসীকে সেবা দিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য ৮০০টি ফ্ল্যাট নির্মাণ, ১২০ মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং একটি ইকোপার্ক করতে চাই।”
নাগরিক সেবা নিশ্চিত করতে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালু করাকেও নিজের সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি। প্রশাসকের ভাষ্য, “চার মাসে অ্যাপটির মাধ্যমে ৬ হাজার ৫০০ অভিযোগ পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ২০০ অভিযোগের সমাধান করা হয়েছে; যা প্রায় ৬০ শতাংশ। এতে নাগরিক সমস্যার সমাধান নতুন গতি পেয়েছে।
নগরীর অবকাঠামো ও আলোকায়ন খাতে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের কথা তুলে ধরে তিনি বলেন, “৩৫৭ কিলোমিটার সড়কের উন্নয়ন ও ১৬০০ কিলোমিটার ড্রেন করেছি। ৩৮টি ফুটওভার ব্রিজ করছি। ১০টি ব্রিজ ও ২০টি কালভার্ট করেছি। সৌন্দর্য বর্ধনের জন্য পতেঙ্গা থেকে মোহরা পর্যন্ত আইল্যান্ড করা হচ্ছে। পতেঙ্গা সারাদেশের মধ্যে প্রথম সাইকেল ট্র্যাক আমরাই করেছি।”
জলাবদ্ধতা কমেছে, আরও কমবে দাবি
চট্টগ্রামে গত দুই দশকের সবচেয়ে আলোচিত সমস্যা ‘জলাবদ্ধতা’, যা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ৩৬টি খাল নিয়ে ৮ হাজার ৬২৬ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ চলছে প্রায় নয় বছর ধরে। এর পরেও চলতি বছর অতি ভারি বৃষ্টিতে একাধিকবার নগরীর বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হলে তা ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
যদিও জলাবদ্ধতা ৭০ শতাংশ কমেছে দাবি করে প্রশাসক শাহাদাত বলেন, “জলাবদ্ধতা নিরসনে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে ১৯ সদস্যের কমিটি করা হয়েছে। প্রকল্পের অগ্রগতিও ভালো। আগে বহদ্দারহাট, মুরাদপুর, বাকলিয়া, আগ্রাবাদ এক্সেস রোডের মত এলাকায় এখন আর পানি উঠে না।
“চলমান প্রকল্পের কাজ শেষ হলে আমাদের খালগুলো বুঝিয়ে দেওয়া হবে। তখন খালের পাড়ে ওয়াকওয়ে ও সাইকেল ট্র্যাক করব। তখন অতীতের মত নৌপথে বাণিজ্য উৎসাহিত করা হবে।”
নগরীর অবশিষ্ট ৪০টি খাল নিয়ে নতুন ডিপিপি করছেন জানিয়ে তিনি বলেন, “সেই প্রকল্প হলে জলাবদ্ধতা আরও কমবে।”
নগরীতে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ৪১টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরির অঙ্গীকার করে ১১টির কাজ শেষ করা, শিক্ষা প্রতিষ্ঠানে হেলথ কার্ড চালু করা, সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে সেবার মান উন্নয়নকেও নিজের সাফল্য বলে মনে করেন শাহাদাত।
ব্যর্থতা পরিচ্ছন্নতায়
পরিচ্ছন্ন শহর হিসেবে চট্টগ্রামকে গড়ার অঙ্গীকার করলেও তাতে শতভাগ সফল হতে পারেননি বলে স্বীকার করেন শাহাদাত হোসেন। তিনি বলেন, “ব্যর্থতা আছে। এই কাজটা একটু দুরূহ। আমরা যতই চেষ্টা করি, মানুষ সচেতন না হলে সেটা করা বেশ কঠিন। তাই এখন নগরবাসীকে সচেতন করতে কাজ করছি।”
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে একাধিক বিদেশি সংস্থা ও প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে তথ্য দিয়ে তিনি বলেন, “সে ক্ষেত্রে অগ্রগতি আছে। সেটা হলে বর্জ্য ব্যবস্থাপনা আরও অনেক বেশি কার্যকরভাবে করা সম্ভব হবে।”
মাত্র তিন সপ্তাহ আগে মেয়র থেকে প্রশাসক হওয়া শাহাদাতের আশা পরিকল্পিত নগরী গড়তে নগর সরকারের প্রয়োজনীয়তা অনুধাবন করে প্রধানমন্ত্রী ‘নগর সরকার’ প্রতিষ্ঠায় উদ্যোগ নেবেন।
