১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

নোবেলজয়ীদের আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’

“বিজ্ঞান শুধু গবেষণাগার কিংবা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব মানবজীবনের প্রতিটি স্তরে বিস্তৃত।”

নোবেলজয়ীদের আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’

চলতি বছরের নোবেল বিজয়ীদের গবেষণা ও আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ষষ্ঠবারের মত ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’র আয়োজন করে ‘দৃষ্টি চট্টগ্রাম’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Nov 2026, 02:01 PM

Updated : 13 Nov 2026, 02:01 PM

চিকিৎসা ও শরীরতত্ত্ব, পদার্থবিজ্ঞান এবং রসায়নে ২০২৬ সালের নোবেল পুরস্কারপ্রাপ্তদের গবেষণা ও আবিষ্কার নিয়ে চট্টগ্রামে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘নোবেল বিজ্ঞান বক্তৃতা’।

নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার রাতে ‘দৃষ্টি চট্টগ্রাম’ আয়োজিত এ অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী, তরুণ গবেষক ও বিজ্ঞানপ্রেমীর অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে চিকিৎসা বিজ্ঞানের আলোচনা পর্বে স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের অ্যান্টিমাইক্রোবিয়াল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক হাসিনা খান বলেন, “চিকিৎসাবিজ্ঞানে কার্ল ডেইসারথ, পিটার হেগেম্যান ও জর্জ নাগেল আলো ব্যবহার করে স্নায়ুকোষ নিয়ন্ত্রণের পদ্ধতি আবিষ্কার করেছেন। এ পদ্ধতির নাম অপটোজেনেটিকস।

“এর মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষ সক্রিয় বা নিষ্ক্রিয় করা যায়। ফলে মানুষের স্মৃতি, অনুভূতি ও আচরণ নিয়ে গবেষণার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে পারকিনসনস, মৃগী ও বিষণ্নতার মতো রোগের চিকিৎসা উদ্ভাবনেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

পদার্থবিজ্ঞানের আলোচনা পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম রেজাউর রহমান বলেন, “মহাকাশ থেকে আসা নিউট্রিনো নামের অতিক্ষুদ্র কণা শনাক্ত করার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ফ্রান্সিস হালজেন নোবেল পুরস্কার পেয়েছেন।

“দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে এসব কণা শনাক্ত করার বিশেষ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। এ গবেষণার মাধ্যমে ব্ল্যাক হোল ও নক্ষত্রের বিস্ফোরণসহ মহাবিশ্বের নানা রহস্য সম্পর্কে নতুন তথ্য জানা সম্ভব হচ্ছে।”

রসায়নের আলোচনা পর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের শিক্ষক রাতুল কুমার শীল বলেন, অণুর নির্দিষ্ট ত্রিমাত্রিক গঠন ও তার গঠনপ্রক্রিয়া নিয়ে গবেষণা রসায়নবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ ধরনের গবেষণা অণুর গঠন ও বৈশিষ্ট্য বুঝতে সহায়তা করে।

“এর প্রয়োগের মাধ্যমে ভবিষ্যতে আরও নিরাপদ ও কার্যকর ওষুধ তৈরি এবং কৃষিতে প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ উদ্ভাবনের সুযোগ তৈরি হতে পারে।”

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেন, “বিজ্ঞান শুধু গবেষণাগার কিংবা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব মানবজীবনের প্রতিটি স্তরে বিস্তৃত।

“তরুণ প্রজন্মের মধ্যে বৈজ্ঞানিক যুক্তিবাদ, অনুসন্ধিৎসু মন এবং গবেষণার আগ্রহ তৈরি করতে হবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সাইফ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আদনান মান্নান, দৃষ্টির সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, দৃষ্টি চট্টগ্রামের সংগঠক ও অনুষ্ঠানটির যুগ্ম সমন্বয়কারী জুয়েল আহমেদ, দৃষ্টির সাবেক দপ্তর সম্পাদক তানভীর আল জাবের এবং সংগঠক ও সাংবাদিক মুজিবুল হক।

বিশ্বখ্যাত গবেষকদের গবেষণা ও আবিষ্কার সম্পর্কে শিক্ষার্থী ও তরুণদের সহজভাবে জানানো এবং তাদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবাদী চিন্তা ও উদ্ভাবনী মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

এবারের আয়োজনে চট্টগ্রামের ১১টি বিজ্ঞান ও শিক্ষাভিত্তিক সংগঠন সহ-আয়োজক হিসেবে যুক্ত থেকেছে।

আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিল চট্টগ্রাম জেলা পরিষদ ও জি আর মেটালিক। ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল বিজ্ঞান চিন্তা এবং নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা স্কুল ও কলেজ পর্যায়ের কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কুইজে স্কুল পর্যায়ে চাম্পিয়ন হয় সহজপাঠ ফুলকি এবং কলেজ পর্যায়ে হাজি মুহাম্মদ মহসিন কলেজ,| পোস্টার প্রদর্শনীতে বিজয়ী হয় চট্টগ্রাম বিশ্ববিদ‍্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চুয়েটের বায়মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চবি রসায়ন বিভাগ।