হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ: ৬৬ শিক্ষার্থীর শাস্তি বহাল, আজীবন বহিষ্কার ৬
আত্মপক্ষ সমর্থন ও শাস্তি মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব সন্তোষজনক না হওয়ায় শাস্তি বহাল রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬৬ ছাত্রের শাস্তি বহাল রাখা হয়েছে; যাদের মধ্যে আজীবন বহিষ্কার করা হয় ছয়জনকে।
বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় এই শাস্তি প্রদান করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবু হাসান।
বুধবার এক অফিস আদেশে বলা হয়, সংঘর্ষের ঘটনায় আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভায় ৬৬ জনকে চার ধরনের শাস্তি সাময়িকভাবে প্রদান করা হয়। শাস্তি পাওয়া শিক্ষার্থীদের আত্মপক্ষ সমর্থন ও শাস্তি মওকুফের আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব সন্তোষজনক না হওয়ায় ২৮তম সভায় তাদের শাস্তি বহাল রাখা হয়।
এর আগে ৩০ জুন আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ৬৬ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত জানানো হয়।
আজীবন বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনুষদের নাইমুর রহমান ও সৌরভ আহমেদ, অর্থনীতি অনুষদের সাকির মাহমুদ, ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের আসাদুজ্জামান সাগর, ইংরেজি অনুষদের আসিফ হোসেন এবং অ্যাকাউন্টিং অনুষদের তাসরিয়াফ ইসলাম প্রান্তিক।
এ ছাড়া আটজনকে ছয় মাসের জন্য বহিষ্কার ও লিখিত সতর্কীকরণ এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়। ছয় শিক্ষার্থীকে ছয় মাসের (১ সেমিস্টার) জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা জরিমানাসহ কখনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
এ ছাড়া ৪৪ শিক্ষার্থীকে এক বছরের (২ সেমিস্টার) জন্য অ্যাকাডেমিক কার্যক্রম ও হল থেকে বহিষ্কার এবং ১০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতে আর কখনো আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।
২১ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা হাতে শহীদ নূর হোসেন হলে গিয়ে সহকারী প্রক্টর মো. মবিনুল ইসলাম এবং ছাত্রদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক ৬৬ ছাত্রকে চার ধরনের শান্তির আওতায় আনার সুপারিশ করা হয়।
