প্রেসিডেন্ট গোল্ড কাপের আদলে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ আয়োজনের ভাবনা
আবাহনী ও মোহামেডান- দুই ঐতিহ্যবাহী দলের সাবেকদের নিয়ে অনুষ্ঠিত প্রীতি ম্যাচের ফাঁকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াঙ্গণকে রাজনীতির ঊর্ধ্বে রাখার বার্তাও দিলেন।
ঘরোয়া ফুটবলের দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডানের সাবেকদের নিয়ে আয়োজিত প্রীতি ম্যাচে বসল তারার মেলা। বৃষ্টিস্নাত দিনে, কর্দমাক্ত মাঠে খেলতে নেমে যেন পুরনো দিনে ফিরে গেলেন আমিনুল-সাব্বির-নকীবরা। ম্যাচের ফাঁকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানালেন, প্রেসিডেন্ট গোল্ড কাপের আদলে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ আয়োজনের পরিকল্পনা।
এছাড়া ঘরোয়া ফুটবল, বাফুফে একাডেমি, আবাহনী ক্রীড়া কমপ্লেক্সসহ নানা বিষয় নিয়েও পরিকল্পনা তুলে ধরলেন তিনি।
একসময় বিভিন্ন দেশ নিয়ে আয়োজিত হত প্রেসিডেন্ট গোল্ডকাপ। সবশেষ ১৯৯৩ সালে মাঠে গড়িয়েছিল এই প্রতিযোগিতা। আগামী বছরের মার্চ কিংবা এপ্রিলে এশিয়া ও ইউরোপের দলগুলোকে নিয়ে ওই প্রতিযোগিতার আদলে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ আয়োজনের উদ্যোগের কথা জানালেন আমিনুল।
“একসময় প্রেসিডেন্ট গোল্ড কাপ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তার কাছ থেকে মৌখিক সম্মতি নিয়েছি যে, আমরা আগামী বছর যেকোনো একটি সময়ে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্ট করতে চাই।
“এই বার্তাটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিকে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী বছর মার্চ কিংবা এপ্রিলে উপমহাদেশের, এশিয়া কিংবা ইউরোপের দলগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করব। আমরা চাই, ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে এটি ধারাবাহিকভাবে প্রতি বছর আয়োজন করতে।”
বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরিসহ ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’ রুবি ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিমন্ত্রীও ফুটবলের উন্নয়নে একাডেমি ও অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরলেন।
“আমি যেহেতু একজন ফুটবলার ছিলাম, ফুটবলের প্রতি আমার আলাদা টান ও ভালোবাসা রয়েছে। আমরা আশা করি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সরকার এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন একাডেমি ও স্পোর্টিং ক্লাবের মাধ্যমে ফুটবলের উন্নয়ন হবে। একাডেমি পরিচালনার জন্য ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিছু নির্দেশনা তৈরি হয়েছে।
“একাডেমিগুলো চালু করতে না পারলে, ফুটবলকে প্রত্যেকটি গ্রাম, গঞ্জ, জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে আমরা বলে আসছি, উপমহাদেশের মধ্যেই সীমাবদ্ধ আছি, এর বাইরে যেতে পারছি না। সেটা কখনোই সম্ভব হবে না, যদি আমাদের একাডেমি না থাকে।’
ক্লাবগুলোর বাধ্যতামূলক একাডেমি, নিজস্ব মাঠ থাকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আমিনুল।
“ক্লাবগুলোতে যাতে বাধ্যতামূলক একাডেমি থাকে, ক্লাবগুলোতে যাতে বাধ্যতামূলক মাঠের ব্যবস্থা করে দিতে পারি, সেই ধরনের কিছু পরিকল্পনা আমাদের আছে। বয়সভিত্তিক দলগুলো নিয়েও পরিকল্পনা রয়েছে। আমাদের একটু সময় দেন, আমরা কাজ করছি। পর্যায়ক্রমে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে।’
রাজনীতির ঊর্ধ্বে থেকে ক্রীড়া গড়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। রাষ্ট্র ক্ষমতার পালাবদলে থমকে থাকা আবাহনীর কমপ্লেক্সের বাকি কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দেন এই সাবেক গোলকিপার।
“বিভিন্ন ক্লাবকে অতীতে পলিটিসাইজ করা হয়েছিল। আজকের মোহামেডান-আবাহনীর প্রদর্শনী ম্যাচে সাবেক খেলোয়াড়দের পাশাপাশি দুই ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আজকের এই মিলনমেলার হাত ধরে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে প্রত্যেকটি ক্লাব পরিচালনা করতে চাই।
“আবাহনী ক্লাবের কমপ্লেক্সটি যে অবস্থায় আছে, সেটাকে আরও কীভাবে বিস্তৃত করা যায়, নতুন কিছু পরিকল্পনা সংযোজন করে বর্তমান অবস্থা ধরে রেখেই আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আশা করছি, কমপ্লেক্সটি সম্পন্ন করতে পারব।”
