১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে আরও ১ বছর প্রেস মিনিস্টার থাকছেন গোলাম মোর্তোজা

২০২৪ সালের ১৯ নভেম্বর দুই বছরের জন্য প্রেস মিনিস্টারের দায়িত্ব পেয়েছিলেন এ সাংবাদিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 06:31 PM

Updated : 19 Nov 2026, 06:31 PM

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক গোলাম মোর্তোজাকে আরও এক বছর রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

তাকে সচিব পদমর্যাদায় আগের চুক্তির ধারাবাহিকতায় পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

চব্বিশের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রশাসনের পাশাপাশি বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাই কমিশনেও রদবদল আনে।

ওই বছরের ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাংবাদিক গোলাম মোর্তোজাকে। তিনি এ জেড এম সাজ্জাদ হোসেনের স্থলে যোগ দেন, যাকে ওই বছরের ২৯ অগাস্ট সরিয়ে দেওয়া হয়েছিল।

তখন গোলাম মোর্তোজাকে দুই বছর মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছিল। মেয়াদ বাড়ানোয় তিনি আগামী বছরের ২০ নভেম্বর পর্যন্ত এ পদ সামলাবেন।