রাঙামাটিতে অবরোধ: চট্টগ্রামের পথে যান চললেও খাগড়াছড়ি সড়ক বন্ধ
অবরোধের সমর্থনে কুতুকছড়ি হাফ বাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক উজোবাজারে আইন-শৃঙ্খলাবাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে চলছে আধাবেলা অবরোধ।
এতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল থেকেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে চট্টগ্রামের সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এছাড়া রাঙামাটি শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে দোকানপাট ও যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় নৌ পথে ও নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে শনিবার সকাল থেকে এ অবরোধ শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলবে।
সকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়েছেন অবরোধকারীরা।
এ ছাড়া কুতুকছড়ি হাফ বাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়।
রাঙামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, “রাঙামাটি-চট্টগ্রাম রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।”
সাপছড়ি এলাকার বাসিন্দা ফিজিরিক্কি চাকমা বলেন, "সকাল থেকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিশেষ কাজে রাঙামাটি বাজারে যেতে চেয়েছিলাম, কিন্তু গাড়ি না পাওয়ার কারণে যেতে পারিনি।”
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির রিজার্ভ বাজার লঞ্চ ঘাটের লাইনম্যান বিশ্বজিৎ দে বলেন, “সকাল থেকে লঞ্চ চলাচল করতেছে। আমাদের বিভিন্ন উপজেলায় সকাল থেকে লঞ্চ যাচ্ছে।”
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বলেন, "আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে। তবে আমাদের লোকজনদের বিভিন্ন এলাকায় পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনীরা বাধা প্রদান করছে।
রাঙামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন এলাকায় তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী এসোসিয়েশন।
সকাল ৬ টা থেকে সাজেক-বাঘাইহাট সড়ক, ১০ নম্বর এলাকা ও ১৪ কিলো এলাকাসহ সাজেক সড়কের বিভিন্ন এলাকায় অবরোধ পালন করছে অবরোধকারীরা।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ অব্যাহত রয়েছে, যানবাহন চলাচল করছে না। সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।
অবরোধের মধ্যে সাজেকের পথে ‘সশস্ত্র গোষ্ঠীর’ সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি
সাজেক থেকে ফেরার পথে পর্যটকদের আটকে দিয়েছে অবরোধকারীরা
ফের সড়ক অবরোধ ডাকার পর সাজেক ভ্রমণ বন্ধ করল প্রশাসন
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
