৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

সাজেক সড়কে রোববার অবরোধ শিথিলের ঘোষণা

বিবৃতিতে বলা হয়, রোববারের পর থেকে আগের মত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 10:23 PM

Updated : 30 Oct 2026, 10:23 PM

মৌলিক চাহিদা বিবেচনায় রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রের সড়কে একদিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিল করেছে দুটি সংগঠন।

শুক্রবার রাত ৮টার দিকে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের নতুন জয় চাকমা বলেছেন, “সাজেক পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা ৯ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী রোববার একদিনের জন্য শিথিল থাকবে। এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিবৃতিতে বলা হয়, রোববারের পর থেকে আগের মত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এ ছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে।

এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

১১ অক্টোবর থেকে দুই সংগঠন অবরোধ শুরু করে। প্রশাসনের আশ্বাসে দুই দিন কর্মসূচি স্থগিত রাখলেও দাবি পূরণ না হওয়ায় ১৫ অক্টোবর আবার অবরোধ পালন করে তারা।

পরে দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি স্থগিত রাখা হয়। এরপর ২২ অক্টোবর থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়।