০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাজেক সড়কে অবরোধ: কৃষিপণ্য ও শিক্ষার্থীদের গাড়ি চলবে

বুধবার থেকে অবরোধের সময় সড়কটি যানবাহন চলাচলে কিছু শিথিলতা এনেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Nov 2026, 11:54 PM

Updated : 03 Nov 2026, 11:54 PM

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি চতুর্থ দফায় দ্বিতীয় দিনে গড়িয়েছে।

তবে বুধবার থেকে অবরোধের সময় সড়কটি যানবাহন চলাচলে কিছু শিথিলতা এনেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানিয়েছে, অবরোধের সময় যেসব যানবাহন আওতামুক্ত বলে এর আগে ঘোষণা করা হয়েছিল, তার সঙ্গে উৎপাদিত কৃষিপণ্যের পরিবহন এবং স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানও অন্তর্ভুক্ত থাকবে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্ববায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বিবৃতিতে বলেন, তাদের দুই সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাজেকের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষিপণ্যের ব্যবসায়ী ও কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, তবে সাজেকবাসীর পাঁচ দফা ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।