অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
অবরোধের কারণে রোববার থেকে সাজেকের পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা হতে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হল।
সাজেক থেকে জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু লারমা) পক্ষের সদস্যদের সরিয়ে দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেয় ‘সাজেক কারবারি অ্যাসোসিয়েশন’ ও ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’।
এ কারণে রোববার থেকে সাজেকের পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বিকালে সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসনের আশ্বাসে অবরোধ দুদিনের জন্য স্থগিত করা হয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, “সকাল ৬টা থেকে সাজেক সড়কের বিভিন্ন জায়গায় আমাদের অনির্দিষ্টকালের কর্মসূচি অবরোধ পালিত হয়েছে। পরে বিকাল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার হয় এবং ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করা হয়েছে। এখন থেকে সাজেক সড়কে পর্যটক ও যানবাহন চলাচল করতে পারবে।”
