সাজেকে সড়ক অবরোধের ডাক
রোববার সকাল ৬টা থেকে শুরু হতে যাওয়া অবরোধে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদকর্মীদের যানবাহন আওতামুক্ত থাকবে।
রাঙামাটির সাজেকে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সদস্যদের সরানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে দুটি সংগঠন।
শনিবার এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা।
বিবৃতিতে বলা হয়, রোববার সকাল ৬টা থেকে অবরোধ শুরু হবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন এর আওতামুক্ত থাকবে।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সাজেকের উজোবাজারে এক সমাবেশ থেকে সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে তাদের সরানো না হওয়ায় অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়।
