সাজেক থেকে ফেরার পথে পর্যটকদের আটকে দিয়েছে অবরোধকারীরা
সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ডাকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রে থেকে ফেরার পথে প্রায় ২ হাজারেও বেশি পর্যটককে আটকে দিয়েছে অবরোধকারীরা।
বৃহস্পতিবার সকালে উজো বাজার এলাকায় এ পর্যটকরা আটকা পড়েন বলে জানিয়েছেন সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান হেপিং ত্রিপুরা।
এর আগে বুধবার বিকালে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দেয় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সকাল থেকে সাজেক সড়কের উজো বাজারসহ বিভিন্ন জায়গায় সড়কে গাছের গুঁড়ি ফেলে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা।
সাজেক পর্যটনকেন্দ্রের লাইনম্যান হেপিং ত্রিপুরা বলেন, সকালে সাড়ে ৮টার দিকে প্রায় সাড়ে চার শতাধিক ছোট-বড় গাড়ি নিয়ে পর্যটকরা সাজেক ত্যাগ করেন।
গাড়ি বহরটি সাজেক ভ্যালি থেকে ২৫ কিলোমিটার দূরে উজো বাজার এলাকায় পৌঁছলে অবরোধকারীরা গাড়ি বহর আটকে দেয়। এতে দুই হাজার ৩৫০জন পর্যটকা পড়েছেন।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা বলেন, “আমরা শান্তিপূর্ণ অবরোধ পালন করছি। পর্যটকের গাড়িসহ সব ধরনের গাড়ি চলতে দেওয়া হবে না। আমরা সড়কে অবস্থান নিয়েছি পর্যটকবাহী গাড়িগুলো ছেড়ে দেওয়ার কোনো চিন্তাভাবনা নেই।”
সাজেক থানার ওসি মো. হোসেন বলেন, পর্যটকরা গাড়ি বহরটি সাজেক সড়কের উজোবাজার এলাকায় এসে আটকে পড়েছে। আমরা অবরোধকারীদের সঙ্গে কথা বলছি। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।
এদিকে অবরোধের জেরে বুধবার সন্ধ্যা থেকে ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
