০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সাজেকে অবরোধ স্থগিতের পর উঠল নিষেধাজ্ঞাও, ভ্রমণে বাধা নেই

বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 08:15 PM

Updated : 15 Oct 2026, 11:59 PM

দুর্গাপূজার কারণে রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় দুটি সংগঠন।

এর ঠিক পর পরই জেলা প্রশাসন অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে দুর্গাপূজার মধ্যে সাজেক ভ্রমণে আর কোনো বাধা রইল না।

গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে অবরোধ স্থগিতের ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে।

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সেই ভ্রমণ নিষেধাজ্ঞা সন্ধ্যায় জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রত্যাহার করে নিয়ে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, শুক্রবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিকালে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাজেক মাচলং বাজারেও এই উৎসব পালন করা হবে। তাই সাজেক মাচলং বাজার পূজা উদযাপন

কমিটির অনুরোধে এবং এই ধর্মীয় উৎসবকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে দুই সংগঠনের ডাকা সড়ক অবরোধ ১৬ অক্টোবর হতে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই সংগঠনের এই অবরোধ কর্মসূচি কোনো দলের প্রভাবে পালন করা হচ্ছে না কিংবা কোনো জাতি, ধর্ম, বর্ণ মানুষের বিরুদ্ধেও নয়। এই কর্মসূচি সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার্থে ডাকা হয়েছে।

পুরনো খবর:

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
বৃহস্পতিবার থেকে ফের সাজেক অবরোধের ডাক
দুর্গাপূজার কারণে সাজেকে অবরোধ স্থগিত, নিষেধাজ্ঞা বহাল