বিদেশি মুদ্রার মামলা: সালমান, আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
বাকি শুনানি হবে আগামী ১০ ডিসেম্বর।
ঢাকার কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সুমন হোসাইনসহ অন্য আইনজীবীরা তাদের মামলা থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। তবে এদিন শুনানি শেষ হয়নি।
বাকি শুনানির জন্য বিচারক আগামী ১০ ডিসেম্বর দিন রেখেছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
শুনানিকালে সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৩ অগাস্ট সন্ধ্যায় নিউ মার্কেট থানার হত্যা মামলার আসামিরা সদরঘাট ২ নম্বর মসজিদ লাগোয়া স্থানে বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা নিয়ে অবস্থান করছেন বলে পুলিশের কাছে খবর ছিল। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় আসামিরা হাতেনাতে আটক হন। আটকের পর আনিসুল হকের ব্যাগে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়।
এ সময় সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তানি সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, ১ হাজার ৩২১ ইউরো, ৬ হাজার ২৩০ ভুটানি গুলট্রাম, ৩ হাজার ৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় ওই বছরের ১৩ সেপ্টেম্বর নিউ মার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
গত বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান।
অভিযোগপত্রে বলা হয়েছে, “সালমান এফ রহমান ও আনিসুল হক সচেতনভাবে ও জ্ঞাতসারে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ব্যতীত ব্যবসায়িক উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা নিজ হেফাজতে রাখেন। তারা জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।”
গ্রেপ্তারের পর থেকে সালমান এফ রহমান ও আনিসুল হক কারাগারে রয়েছেন। তাদেরকে চব্বিশের আন্দোলন ঘিরে হত্যা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।
