ফিলিস্তিনি সাংবাদিক আবু শাদেহকে মুক্তি দিল ইসরায়েল
মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনি বংশোদ্ভুত ইসরায়েলি সাংবাদিক আবু শাদেহ তাকে আটক করার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়েছেন।
অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।
রোববার মুক্তির পর শাদেহ বলেছেন, তাকে আটক করার ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখাতে নেওয়া রাজনৈতিক পদক্ষেপেরই অংশ ছিল।
তিনি বলেন, “আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হল নিজেদের মধ্যে এই বিশ্বাস আরও দৃঢ় করা যে, আমরা সঠিক পথে আছি, আমাদের পথ সত্যের পথ।”
সাংবাদিক হিসেবে নিজের কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
গত মঙ্গলবার ‘বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের’ সন্দেহে তাকে আটক করা হয়। তেল আবিবের উপকণ্ঠে পেতাহ টিকভায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতের একটি স্থাপনায় তাকে রাখা হয়েছিল।
আইনের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আদালাহ জানিয়েছে, ইসরায়েলের আরব ভোটারদেরকে সমর্থন দেওয়ার জন্য বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে শাদেহকে আটক করা হয়েছিল।
আবু শাদেহ ফিলিস্তিনি বংশোদ্ভুত ইসরায়েলি নাগরিক। আরব৪৮ ওয়েবসাইটের ‘আল-মিদান’ পডকাস্টে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যম আল জাজিরায় বিশ্লেষক হিসেবে উপস্থিত হওয়ার পর তার বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়।
শাদেহের আইনি পরামর্শদাতা এবং আদালাহ-এর মানবাধিকার বিষয়ক আইনজীবী হাদিল আবু সালিহ বলেন, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোতে যেসব বিষয়ে আলোচনা হয়, আবু শাদেহও সেসব বিষয় নিয়েই কথা বলেছেন।
তিনি বলেন, “প্রথম দিন, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই স্পষ্ট ছিল যে, এ বিষয়ে পুলিশের কাছে কোনও প্রমাণ নেই।’ তার বিরুদ্ধে সন্দেহের ভিত্তি কেবল ছিল কাতারে অবস্থানকালে ফিলিস্তিনি বুদ্ধিজীবী আজমি বিশারার সঙ্গে তার একটি প্রকাশ্য কথপোকথন।
সালিহ বলেন, “বক্তারা ফিলিস্তিনি হওয়ার কারণে এখন এসব আলোচনাকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। কিংবা ফিলিস্তিনিরা যখন তাদের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করতে চাইছেন, তখন একে অপরাধ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের রাষ্ট্রব্যবস্থা সেই আলোচনা ও বিশ্লেষণকেই অপরাধ বলে সন্দেহ করছে।”
তিনি আরও বলেন, “তারা বোঝানোর চেষ্টা করছিল যে, তিনি সাংবাদিক নন, বরং রাজনৈতিক পরামর্শক।”
গত ৩ নভেম্বর রাতে জাফায় আবু শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। এ সময় তার দুই সন্তানের সামনেই তাকে আটক করা হয় এবং শাদেহের মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও বইপত্র জব্দ করা হয়।
সূত্র: আল জাজিরা
