১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওদের হারাই উচিত’, রোনালদোর মায়ের বিস্ফোরক মন্তব্য

ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের হার নিয়ে ওই মন্তব্য করার পাশাপাশি ক্রিশ্চিয়ানো রোনালদোর মা অভিযোগ করেন, জাতীয় দল থেকে বিদায়ের আগে তার ছেলের সঙ্গে ‘প্রতারণা’ করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 12:51 AM

Updated : 17 Nov 2026, 12:51 AM

পর্তুগাল জাতীয় দল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের প্রেক্ষাপট তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার মা দোলোরেস আভেইরো। তিনি অভিযোগ করেছেন, বিদায়ের আগে তার ছেলের সঙ্গে ‘প্রতারণা’ করা হয়েছিল। ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের বড় ব্যবধানে হার দেখে খুশি হওয়ার কথাও বলেছেন তিনি।

স্পোর্তিং সিপিতে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রোনালদোর মা। সেখানে তার সম্মানে একটি ডে-সেন্টারের নামকরণ করা হয়।

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাওয়া হলে আভেইরো বলেন, যেভাবে ঘটনাগুলো ঘটেছে তাতে ৪১ বছর বয়সি এই তারকা গভীর আঘাত পেয়েছেন।

“অবশ্যই সে কষ্ট পেয়েছে। তারা তাকে প্রতারিত করেছে। আমারও খারাপ লেগেছে।”

উয়েফা নেশন্স লিগে গত শনিবার ঘরের মাঠে ডেনমার্কের কাছে পর্তুগালের ৪-১ গোলের হার নিয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানান আভেইরো। রোনালদো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়ার পর পর্তুগালের প্রথম ম্যাচ ছিল এটি।

“ওদের হারাই উচিত ছিল। আমি খুশি হয়েছি।”

ব্রাগায় অনুষ্ঠিত ওই ম্যাচে রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাতে পর্তুগাল দলের সবাই তার ৭ নম্বর জার্সি পরে মাঠে নামেন। এছাড়া আরও কিছু আয়োজন ছিল সেখানে।

রোনালদোর মায়ের মতে, তার ছেলের উপস্থিতিতেই এই সম্মান জানানো উচিত ছিল।

“তাকে সম্মান জানানোর বিষয়টি তার সামনে হওয়া উচিত, তাকে ছাড়া নয়। আমাদের এখানে, স্পোর্তিংয়ে তাকে সম্মান জানানো হবে। তারা এখানে তার মূল্য বোঝে।”

আভেইরো অভিযোগের সুরে বলেন, ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে রোনালদো প্রাপ্য সম্মান পাননি।

“জাতীয় দলে তাকে সম্মান দেওয়া হয়নি, এমনকি তার সতীর্থরাও তাকে সম্মান দেয়নি।”

পর্তুগাল কোচ জর্জে জেজুসের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে রোনালদোর জাতীয় দল ছাড়ার ঘটনা নিয়ে এখনও বিতর্ক চলছেই। এর মধ্যেই তার মায়ের এই মন্তব্য সামনে এলো।

গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময় কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ঘটনাপ্রবাহের জেরে রোনালদো পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান। পরবর্তীতে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। এই নিষেধাজ্ঞার মধ্যেই চলতি মাসের শুরুতে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

ব্রাগায় ডেনমার্ক চতুর্থ গোলটি করার পর গ্যালারি থেকে রোনালদোর নাম ধরে স্লোগান দেওয়া হয়। এর আগে দর্শকরা স্টেডিয়ামে ‘রোনালদো-সর্বকালের সেরা’ লেখা একটি বড় ব্যানার প্রদর্শন করে।

ম্যাচ শেষে জেজুসের কাছে জানতে চাওয়া হয় যে, পর্তুগাল তাদের সাবেক অধিনায়ককে মিস করছে কি না। তখন জেজুস বলেন, “মিস করার কী আছে? সে তো আর এখানে নেই। কী মিস করব?”

সোমবার সংবাদ সম্মেলনে রোনালদোর মায়ের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্ত হয়ে জেজুস বলেন, “এখন কি আমাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের কথার জবাব দিতে হবে?”

তবে পরিস্থিতি আর জটিল করতে চাননি ৭২ বছর বয়সি এই কোচ। তিনি বলেন, একজন মা তার সন্তানের পাশে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক।

“ক্রিশ্চিয়ানো রোনালদোর মায়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। তিনি আর কী-ই বা বলবেন? মা তো মা-ই, এর বাইরে কিছু বলার নেই। আমি তার মন্তব্য বুঝতে পারছি।”

পরবর্তীতে স্পোর্টটিভির সঙ্গে আলাপে জেজুস তার এই নমনীয় অবস্থান আরও জোরাল করেন।

“শোরগোল? হ্যাঁ, সত্যি। তবে মা তো মা-ই, তার প্রতি আমার শুধু শ্রদ্ধাই রয়েছে। একজন মা সবসময় তার সন্তানদের রক্ষা করেন, আমৃত্যু। তিনি খুব স্নেহময়ী একজন মা, যিনি তার সন্তানদের বড় করতে অনেক কষ্ট করেছেন।”