রোনালদো এখন ৯৮৭
ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।
তিন দিন আগে পেনাল্টি মিস করলেও এবার আর ভুল করেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পট কিকে বল জালে পাঠিয়ে ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট-এর ম্যাচে মঙ্গলবার রোনালদোর দল আল নাস্র ২-১ গোলে জিতেছে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে বুলেট গতির স্পট কিকে দলকে এগিয়ে নেন রোনালদো। তিনি নিজেই বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৪১ বছর বয়সি ফরোয়ার্ডের ক্যারিয়ারে মোট গোল হলো ৯৮৭টি।
২২তম মিনিটে আল সাদকে সমতায় ফেরান মোহাম্মেদ ওয়াদ। কিন্তু প্রতিপক্ষের দিকে থুতু ছুড়ে প্রথমার্ধের যোগ করা সময়ে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় দলটি।
৫২তম মিনিটে দুর্দান্ত ওভারহেড কিকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন রোনালদোর সাবেক জাতীয় দল সতীর্থ জুয়াও ফেলিক্স।
