০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চারপাশের বিতর্কের মাঝেও রোনালদোর ‘মনোবল খুবই চাঙা’

আল নাস্‌র কোচ অ্যাঞ্জ পস্তেকগ্লু জানিয়েছেন, ক্লাবের হয়ে খেলার জন্য প্রস্তুত রোনালদো।

চারপাশের বিতর্কের মাঝেও রোনালদোর ‘মনোবল খুবই চাঙা’

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: আল নাস্‌র ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Oct 2026, 12:09 AM

Updated : 09 Oct 2026, 12:17 AM

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর চলে আসার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আল নাস্‌র কোচ অ্যাঞ্জ পস্তেকগ্লু। তবে তিনি বলেছেন, অভিজ্ঞ ফরোয়ার্ডের ‘মনোবল খুবই চাঙা।’

পর্তুগালের নতুন প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে মতপার্থক্যের জেরে আন্তর্জাতিক ফুটবলের বিরতির সময় জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গত সোমবার ক্লাবে ফেরেন ৪১ বছর বয়সী রোনালদো।

পর্তুগাল অধিনায়ক পরে দীর্ঘ এক বিবৃতিতে অভিযোগ করেন, আল নাস্‌রে তার সাবেক কোচ জেজুস কথা রাখেননি।

রোনালদোর অভিযোগের বিষয়ে প্রশ্নে জেজুস বুধবার সাংবাদিকদের ছোট্ট করে বলেন, “আমি ওই বিবৃতি পড়েছি। আর এখন, প্রতিদিন যা করি, কাজের জন‍্য ফেডারেশনে যাচ্ছি। সেখানে দল এবং জাতীয় দল নিয়ে ভাবব।”

আল নাস্‌রের লিগ ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার রোনালদোর পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে পস্তেকগ্লু বলেন, “জাতীয় দলে কী ঘটেছে, তা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না।”

৬১ বছর বয়সি পস্তেকগ্লু জানান, আল নাস্‌রের হয়ে খেলার জন্য প্রস্তুত আছেন রোনালদো।

“রোনালদো ফিরে এসেছে এবং খেলার জন্য প্রস্তুত।

“আমি নিজেও আগে চার বছর একটি জাতীয় দলের (অস্ট্রেলিয়া) কোচ ছিলাম। জাতীয় দলের কোচদের বিষয়ে ক্লাবের কোচদের মন্তব্য করাটা আমার পছন্দ নয়, তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”