২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: সংক্রমণ ও মৃত্যু থামছে না কেন? টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন

পুরো টিকা ব্যবস্থাপনাকে যাচাই করে দেখতে হবে কোনো ত্রুটি বা ভুল হচ্ছে কিনা, বলেন তাজুল ইসলাম এ বারী।

হাম: সংক্রমণ ও মৃত্যু থামছে না কেন? টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন

প্রতীকী ছবি।

আব্দুস সবুর লোটাস আব্দুস সবুর লোটাস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Nov 2026, 01:22 AM

Updated : 25 Nov 2026, 01:22 AM

সারাদেশে ছয় মাসের মধ্যে চার দফা টিকা কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের দাবি অনুযায়ী নিয়মিত টিকাদান চলতে থাকলেও হামে মৃত্যু ও সংক্রমণ থামছে না।

সরকারের হিসাব বলছে, অগাস্ট মাস থেকে সংক্রমণ বাড়ার পর সেপ্টেম্বর থেকে বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হয়, তাতেও মৃত্যু ও সংক্রমণও কমেনি।

তাহলে টিকা কাজ করছে না? সব শিশু পূর্ণ ডোজ টিকা পাচ্ছে না? টিকার মান ঠিক আছে তো? টিকা নিয়ে সরকারের তরফে যে তথ্য দেওয়া হচ্ছে, তারইবা সত্যতা কী?

এমন নানা প্রশ্ন এসেছে বিশেষজ্ঞদের তরফে। তারা সতর্ক করে বলেছেন, এভাবে চলতে থাকলে এক সময় দেশের সবাই হামে আক্রান্ত হতে পারে।

বিশেষজ্ঞদের দাবি, টিকাদান যে সঠিকভাবে হয়নি, সেটি সংক্রমণের হার দেখে বোঝা যাচ্ছে। তাই, টিকাদান কার্যক্রম নিয়ে গবেষণা এবং টিকার মান সুক্ষ্মভাবে যাচাইয়ে পরামর্শ দিয়েছেন তারা।

সংক্রমণ ও মৃত্যুর তথ্য কী বার্তা দিচ্ছে?

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দেশের ইতিহাসে চলতি বছরই দেশে হাম সংক্রমণে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ৩৬১ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৫ জন। এদের প্রায় সবাই শিশু।

এর আগে ২০০৬ সালে দৈবচয়নের ভিত্তিতে করা এক জরিপে চার জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর সর্বোচ্চ ১০ জন মারা যায় ২০১৭ সালে। ২০১৮ সালে ৬ এবং ২০২০ সালে ৭ ছিল সর্বোচ্চ মৃত্যু।

চলতি বছরের জানুয়ারি মাসে প্রথম কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হাম রোগী শনাক্ত হয়। পরে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কয়েকটি বস্তিতে দেখা যায়।

তবে সরকারিভাবে ১৫ মার্চ থেকে হামে মৃত্যু এবং রোগীর তথ্য প্রকাশ শুরু হয়।

২৪ নভেম্বর পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৬৩১ জন। আর সবচেয়ে কম রংপুর বিভাগে, ১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪ নভেম্বর পর্যন্ত দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ১৯০।

সংক্রমণও বেশি ঢাকায়, এ বিভাগে ১ লাখ ৭৭ হাজার ৩৮ জন হামে আক্রান্ত হয়েছে। আর সবচেয়ে কম রংপুর বিভাগ, ৫ হাজার ৪২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখলেও হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

সরকার তথ্য দিতে শুরু করার প্রথম ৩০ দিন পর ১৪ এপ্রিলে দেখা যায়, হামের উপসর্গ ও নিশ্চিতভাবে হাম আক্রান্ত মিলিয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। মানে, গড়ে প্রতিদিন ৬ দশমিক ৬ জন করে মারা গেছে। এক মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়ায় ১৯ হাজার ৩৬১। অর্থাৎ গড়ে প্রতিদিন ৬৪৫ জন করে আক্রান্ত হয়েছে।

৬০ দিন পর ১৪ মে পর্যন্ত মোট মারা যায় ৪৩৯ জন, গড়ে প্রতিদিন ৭ দশমিক ৩ জন করে মারা গেছে। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসাপাতালে আসা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৪ হাজার ৪১৯। অর্থাৎ গড়ে প্রতিদিন ৯০৬ জন করে আক্রান্ত হয়েছে।

৯০ দিন পর ১৩ জুন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৪৮, গড়ে প্রতিদিন ৭ দশমিক ২ জন করে মারা গেছে। এ সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৪ হাজার ৮৯৯। অর্থাৎ গড়ে প্রতিদিন ৯৪৩ জন করে আক্রান্ত হয়েছে।

১২০ দিন পর ১৩ জুলাই পর্যন্ত মোট ৭৫৯ জন মারা যায়, গড়ে প্রতিদিন মৃত্যু হয়েছে ৬ দশমিক ৩ জনের। এ সময়ে রোগীর বেড়ে দাঁড়ায় ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন। অর্থাৎ গড়ে প্রতিদিন ৭৫৯ জন আক্রান্ত হয়েছে।

১৫০ দিন পর ১১ অগাস্ট পর্যন্ত মোট ৮৮০ জন মারা যায়, অর্থাৎ গড়ে ৫ দশমিক ৮৭ জন। এ সময়ে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন। মানে গড়ে ৯২১ জন করে আক্রান্ত হয়েছে।

১৮০ দিন পর ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৯ জনের মৃত্যু হয়, যার গড় ৫ দশমিক ৬০ শতাংশ। এ সময়ে রোগী বেড়ে হয় ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জন। অর্থাৎ দিনে ৯৩৭ জন করে আক্রান্ত হয়েছে।

২১১ দিন পর ১১ অক্টোবর পর্যন্ত মারা গেছে ১১৬২ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন ৫ দশমিক ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫ হাজার ২৮ জন, মানে দিনে ৯৭১ জন আক্রান্ত হয়েছে। (১০ অক্টোবরের বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়বেসাইটে না থাকায় একদিন পরের বুলেটিন নিয়ে হিসাব করা হয়েছে)

২৪০ দিন পর ৯ নভেম্বর পর্যন্ত মোট ১ হাজার ২৮৪ জন মারা গেছে, গড়ে প্রতিদিন মারা গেছে ৫ দশমিক ৩৫। এ সময়ে রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৪০ হাজার ১৯৯ জনে দাঁড়ায়। অর্থাৎ প্রতিদিন গড়ে ১ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।

২৪ নভেম্বরের বুলেটিন অনুসারে ২৫৫তম দিনে, মোট ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ গড়ে মারা গেছে ৫ দশমিক ৩৪ জন। এ সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ৫৯ হাজার ১৯০। অর্থাৎ দিনে এক হাজার ১৬ জন আক্রান্ত হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৫০তম দিনের আগে ৯৫০ জন গড়ে হাম সংক্রমিত হতো। কিন্তু তার পরে অর্থাৎ অগাস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে সংক্রমণ বেশি দেখা গেছে। তবে মৃত্যু কিছুটা কমেছে। যদিও এখনো প্রতিদিন ৫ জনের বেশি রোগীর মৃত্যু হচ্ছে।

অর্থাৎ কয়েক দফা টিকা দেওয়ার পরও মৃত্যু ও সংক্রমণে খুব একটা হেরফের দেখা যাচ্ছে না।

Image

ফাইল ছবি।

ঝুঁকিতে থাকা সব শিশু টিকা পেয়েছে?

হামের প্রাদুর্ভাবের পর তিন ধাপে টিকাদান কার্যক্রম হয়েছে। ৫ এপ্রিল প্রথমে ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলায় হাম-রুবেলার টিকাদান শুরু হয়।

এরপর চারটি সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু হয় ১২ এপ্রিল। আর ২০ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয় দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচি।

স্বাস্থ্য অধিদপ্তর লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে টিকাদান সম্পন্ন হওয়ার তথ্য দেয়। ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল কর্মসূচির আওতায় আনা শিশুর সংখ্যার সঙ্গে ব্যবধান থাকায় টিকা ‘কাভারেজ’ নিয়ে প্রশ্ন ওঠে।

হামের মতো একই বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্সূচিতে অন্তর্ভুক্ত করে সরকার। অর্থাৎ দুই কর্মসূচিরই আওতায় আনা শিশুর বয়স ছিল ৬ থেকে ৫৯ মাস।

জাতীয় পুষ্টিপ্রতিষ্ঠানের তথ্য অনুসারে, গেল ২৮ জুন ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই হিসাবে প্রায় ৪৩ লাখ শিশুর ব্যবধান পাওয়ায স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে বাদ পড়া শিশুদের হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বাদ পড়া প্রায় ৩৪ লাখ শিশুকে খুঁজে বের করে ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর হামের টিকাদানের লক্ষ্য ঠিক করে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৭ নভেম্বরের তথ্য অনুসারে, দেশের ২ কোটি ১৮ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ হিসাবে, এখনো বাকি আছে ৩ লাখের মতো শিশু।

টিকা পায়নি এমন শিশুদের খুঁজে বের করে টিকাদানের কথা বলা হলেও ভিটামিন এ ক্যাপসুলের হিসাব ধরেই লক্ষ্য নির্ধারণ করা হয় বলে জানায় সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই।

কিন্তু কত শিশুকে টিকা দেওয়া হয়েছে, সরকার তার তথ্য কীভাবে সংরক্ষণ করে? টিকা দেওয়া শিশুর হিসাব ধরে, নাকি টিকার কতটি ভায়াল (ছোট শিশি) সরবরাহ করা হল আর কতটি ফেরতে এল, সেই হিসাব ধরে?

Image

ফাইল ছবি

বিশেষজ্ঞরা সমালোচনা করে বলছেন, বাদ পড়া শিশুদের খুঁজে টিকা না দিয়ে বরং শুধুমাত্র ‘টিকার হিসাব মেলাতে’ এ আয়োজন করা হয়েছে।

রোগতত্ত্ববিদ ও জাতীয় হাম-রুবেলা নির্মূল যাচাই কমিটি-এনভিসির চেয়ারম্যান অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, “টিকার কাভারেজের কথা যেভাবে বলা হচ্ছে, তাতে হাম কমার কথা ছিল, কিন্তু তেমন দেখা যাচ্ছে না। তাই টিকাদানের ক্ষেত্রে মিথ্যা রিপোর্টিং হচ্ছে কিনা দেখতে হবে।”

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, “ইপিআইয়ের মাঠ পর্যায়ে প্রায় ২০ হাজার কর্মী সংকট রয়েছে। এত বিশাল সংখ্যক কর্মী সংকট নিয়ে সফল কার্যক্রম করা সম্ভব নয়।

“অন্যদিকে হাম প্রাদুর্ভাবের শুরুতে জরুরি ভিত্তিতে টিকা দেওয়া হয়। কিন্তু জাতীয়ভাবে টিকাদানের ক্ষেত্রে মাইক্রোপ্ল্যান করতে যে অন্তত তিন মাস সময় নিয়ে বাচ্চাদের হিসাব করতে হয়, সেটি এখন পর্যন্ত করা হয়নি। যার ফলে বিভিন্ন প্রান্তিক, চরাঞ্চল এবং ছোট ছোট এলাকায় টিকাদান বাদ থাকতে পারে।”

Image

রাজধানীর কড়াইলের টিএনটি খেলার মাঠে ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির সূচনা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

টিকার সুফল কী মিলছে? যাচাই হয়েছে অ্যান্টিবডি?

অ্যান্টিবডি হল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার মূল উপাদান। গর্ভাবস্থায় মায়ের কাছে থেকে অ্যান্টিবডি পায় শিশুরা। জন্মের পর পর তাদের শরীরে নিজস্ব অ্যান্টিবডি তৈরি হতে থাকে।

ইপিআইয়ের তথ্য অনুযায়ী, রোগ প্রতিরোধের জন্য জন্মের পর থেকে ১৫ মাস বয়সের মধ্যে শিশুকে মোট ১০টি টিকা দেওয়া হয়। এর মধ্যে হামের দুই ডোজ টিকা দেওয়া হয়। প্রথম ডোজ ৯ মাসে এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে।

এবার হামের প্রাদুর্ভাব বিবেচনায় এবং আক্রান্ত শিশুদের বয়স বিবেচনায় ৬ মাস বয়সি শিশুদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত জানায় বিশেষজ্ঞ কমিটি।

হাম মোকাবিলায় এপ্রিলের ৫, ১২ ও ২০ এবং সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। শেষ ধাপের টিকাদান সম্পন্নের পর অ্যান্টিবডি তৈরির চার সপ্তাহ এখনো শেষ হয়নি।

তবে আগের ধাপগুলোর টিকাদান সম্পন্ন হওয়ার পর কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটি নিয়ে আইইডিসিআরের নেতৃত্বে একটি গবেষণা চলছে। যেখানে তিনটি জেলার ৩শ’র বেশি শিশুকে নমুনা হিসেবে নেওয়া হয়েছে।

আইডিসিআর থেকে জানা গেছে, মোট শিশুর মধ্যে ২শ’র বেশি শিশু বা প্রায় ৭০ শতাংশের শরীরে হামের অ্যান্টিবডি তৈরি হয়েছে। বাকি ৬ শতাংশ শিশুর শরীরে অ্যান্টিবডি তৈরি হলেও তা প্রান্তিক পর্যায়ে আছে। আর ২৪ শতাংশ শিশুর শরীরে সুরক্ষা পাওয়ার মতো অ্যান্টিবডি তৈরি হয়নি।

নাম প্রকাশ না করে আইইডিসিআরের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অ্যান্টিবডি তৈরি না হওয়ার জন্য টিকার মান নিয়ে প্রশ্ন উঠতে পারে। টিকা সংরক্ষণ থেকে শুরু করে টিকাদান পর্যন্ত বিভিন্ন ত্রুটির কারণে টিকার মান কমতে পারে।”

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মির্জা মো. জিয়াউল ইসলাম বলেন, “দেশের শিশুদের মধ্যে পুষ্টিহীনতা অনেক বেশি। সঠিক পুষ্টি না থাকলে কোনো কিছু দিয়েই শরীর পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি সম্ভব নয়। এ অবস্থায় শুধুমাত্র হামের ক্ষেত্রে নয়, অন্যান্য ভাইরাস, ব্যকটেরিয়াও দ্রুত আক্রমণ করতে পারে।”

এনভিসির চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, “কোন পদ্ধতিতে গবেষণা হয়েছে, জানা নেই। এক ডোজ টিকা দিলেই যে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হবে, এমন নয়।”

টিকা বিশেষজ্ঞ তাজুল ইসলাম এ বারী বলেন, “দেশের প্রায় ৮০ শতাংশ টিকা ভারত থেকে আসে, বাকি ২০ শতাংশ বিভিন্ন দেশ থেকে আসে। তাই টিকার উৎপাদন পরবর্তী দেশের শিশুদের শরীরে পুশ করা পর্যন্ত যে চেইন সেটা যাচাই করা দরকার।

“এ চেইনের মধ্যে, সংরক্ষণে ত্রুটিসহ নানা কারণে টিকার মান খারাপ হতে পারে।”

এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, পুরো টিকা ব্যবস্থাপনাকে যাচাই করে দেখতে হবে কোনো ত্রুটি বা ভুল হচ্ছে কিনা। তারপর টিকার কার্যকারিতা যাচাইয়ের জন্য বয়সভিত্তিক সমীক্ষা চালাতে হবে। অর্থাৎ কোন বয়সিদের কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেটা দেখা এবং সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যে তিন জন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছে, তারা সবাই ইপিআইকে শক্তিশালী এবং টিকাদানের ক্ষেত্রে বয়সসীমা বৃদ্ধির কথা বলেছেন।

অধ্যাপক মাহমুদুর রহমানের মতে, ইপিআইয়ে একজন সিদ্ধান্ত গ্রহণ করার মতো কর্মকর্তাকে নিয়োগ দিতে হবে। ইপিআই শক্তিশালী না হলে টিকাদান কার্যক্রম সফলভাবে করা সম্ভব নয়।

জরুরি অবস্থা ঘোষাণার দাবি জানিয়ে তিনি বলেন, “এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য হামকে প্রায়োরিটি দিয়ে ক্রাশ প্রোগ্রাম করতে হবে। আর টিকাদানের ক্ষেত্রে বয়সের সীমা বৃদ্ধি করতে হবে।”

ইপিআইয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, “যে গবেষণার ফলাফল এসেছে তাতে স্যাম্পলের পরিমাণ খুব কম। আর সারাদেশে শতভাগ টিকার সঠিক কাভারেজ দুই ডোজ হলে, তখন ৯৫ শতাংশ মানুষ প্রোটেকশন পাবে। যা হার্ড ইমিউনিটি তৈরি করে আর ছোঁয়াচে রোগ সংক্রমণ বন্ধ করতে পারে।

“কিন্তু টিকা দুই ডোজ দেওয়া হয়নি।”

এছাড়া সবার সুরক্ষায় আরও কিছু ‘ফ্যাক্টর’ জড়িত থাকে, বলছেন এই কর্মকর্তা।

ইপিআইয়ের সহকারী পরিচালক হাসানুল মাহমুদও স্বীকার করেন, দেশে টিকাদানের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কর্মী সংকট রয়েছে, যা দূর করতে এরই মধ্যে ২৭টি জেলায় কর্মী নিয়োগ করা হয়েছে। বাকিগুলো এখনো দেওয়া সম্ভব হয়নি।

ভুল তথ্য দেওয়া এবং টিকার মান ঠিক রাখতে ‘কোল্ড চেইন’ বজায় রাখার বিষয়ে তিনি বলেন, “আমরা মূলত প্রোগ্রামের আয়োজন করি এবং সেগুলো মনিটরিং করি। কোল্ড চেইন সর্বোচ্চভাবে মেইনটেইন করা হয়। তবে মিথ্যা রিপোর্টিং যাচাইয়ে আমাদের অভ্যন্তরীণ কাজ চলছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, সর্বশেষ যে টিকাদানের লক্ষ্যমাত্রা ২ কোটি ২৬ লাখের মতো, সেটা পূরণের পর পরিস্থিতি অনুসারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে। এখনো কয়েক লাখ শিশু বাকি আছে।

টিকাদান কার্যক্রমের ত্রুটির বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে আন্তর্জাতিকভাবে ইপিআইয়ের কার্যক্রম মূল্যায়ন হয়েছে। তারা সুনির্দিষ্ট কোনো সমস্যা বলেনি৷ তবে কিছু বিষয়ে সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে লোকবলের ঘাটতি কমানো, ছাউনির নিচে টিকাদান পরিচালনার বিষয়টি আরও ভালোভাবে দেখার চেষ্টা চলছে।

টিকাদানের সঙ্গে যুক্ত প্রান্তিক জনবলের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের মতো ব্যবস্থাও করা হতে পারে, বলেন ডা. প্রভাত চন্দ্র।

তিনি বলেন, “দুটি বিষয় আমাদের কাছে এসেছে, ছয় মাসের নিচের বয়সি এবং ৫৯ মাসের বেশি বয়সিদের সংক্রমণ। এই দুই বয়সভিত্তিক গ্রুপ নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি, কি করা যায়।”

পুরনো খবর:

হামে মৃত্যু: দুই বয়স শ্রেণির শিশু টিকার বাইরে, সুরক্ষা কীভাবে?
হামে মৃত্যুর শততম দিন পার, ‘অ্যান্টিবডি’ যাচাই দাবি
টিকা দিলেও হামের সংক্রমণ কমছে না? ‘গলদ’ কোথায়?
হাম ঠেকানোর সব কিছুতেই ‘ঘাটতি’
হাম নিয়ে ‘উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশ: ডব্লিউএইচও
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ‘বিভ্রান্তিকর’, হামে মৃত্যু আসলে কত?
‘জোড়াতালি’ দিয়ে চলছে হাম মোকাবিলা, বিশেষজ্ঞদের সুপারিশ ‘উপেক্ষা’