৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

১৫ মিনিটের মধ্যে রোনালদোর হ্যাটট্রিক, রইল বাকি ১৫

পাঁচবার জালে বল পাঠিয়ে তিন গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, ডান পা বাম পা ও হেড মিলিয়ে করলেন ‘পারফেক্ট’ হ্যাটট্রিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 10:16 AM

Updated : 30 Oct 2026, 10:16 AM

প্রথমার্ধে দুই দফায় জালে বল পাঠালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু গোল পেলেন না একটিও। দুটিই অফসাইড! ৬৫ মিনিট পর্যন্তও গোলের দেখা পেলেন না তিনি। ম্যাচে তখন ২-২ সমতা। এরপরই একটির পর একটি গোল করতে থাকলেন। ১৫ মিনিটের মধ্যেই পূর্ণ করে ফেললেন তিনটি গোল।

আড়াই বছর পর হ্যাটট্রিকের স্বাদ পেলেন রোনালদো। সৌদি প্রো লিগে আল খোলুদ ক্লাবকে ৫-৩ গোলে হারাল আল নাস্‌র।

৬৬তম মিনিটে বাম পায়ের টোকায় গোল করেন রোনালদো, ৭২তম মিনিটে হেড থেকে। ৮১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ডান পায়ের গড়ানো শটে।

ফুটবলের পরিভাষায় এটিকে বলা হয় ‘পারফেক্ট’ হ্যাটট্রিক। গোলগুলি অবশ্য খুব দর্শনীয় ছিল না। দুই পায়ের গোল দুটি করেন খুব কাছ থেকে আলতো শটে। মাঝের গোলটি করেন বেশ কিছুটা লাফিয়ে।

এই তিন গোলে রোনালদোর ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৮৫। হাজার গোলের সেই বহুকাঙ্ক্ষিত মাইলফলকের পথে এগিয়ে গেলেন তিনি আরও কিছুটা পথ।

আল নাস্‌রের পাঁচ গোলের চারটিই আসে জোয়াও ফেলিক্সের পাস থেকে।

আল নাস্‌রের মাঠে ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় আল খোলুদ। আট মিনিট পর সমতা ফেরান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আঞ্জেলো গাব্রিয়েল। ৩৮তম মিনিটে আল নাস্‌রকে এগিয়ে দেন সাদিও মানে। প্রথমার্ধের যোগ করা সময়েই সমতায় ফেরে আল খোলুদ।

পরে ব্যবধান গড়ে দেন রোনালদো। শেষ দিকে পেনাল্টি থেকে ব্যবধান একটু কমায় আল খোলুদ।

ক্লাব ও দেশ মিলিয়ে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা এখন ৬৭টি। রেয়াল মাদ্রিদের হয়ে তার হ্যাটট্রিক ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাস্‌রের জার্সিতে ৭টি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্তুসের হয়ে ৩টি করে।