চমৎকার সব গোলে রেয়াল মাদ্রিদের বড় জয়
চোখধাঁধানো একটি গোলের পর পানেনকা পেনাল্টিতে আরেকটি করলেন এমবাপে, গুল্যার ও ডিওমান্ডেও দারুণ নৈপুণ্যে জালে পাঠালেন বল।
সাত মিনিটের মধ্যে আর্দা গুল্যার ও কিলিয়ান এমবাপের দুর্দান্ত দুটি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল রেয়াল মাদ্রিদ। বিরতির পর পানেনকা পেনাল্টিতে আরেকটি গোল করলেন ফরাসি তারকা। সেভিয়াকে উড়িয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমাল জুজে মরিনিয়োর দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে স্পেনের সফলতম দলটি।
ইয়ান ডিওমান্ডের করা স্বাগতিকদের অন্য গোলটিও ছিল দেখার মতো। সেভিয়ার একমাত্র গোলটি করেন মানু বুয়েনো।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার লাইপজিগ ও লা লিগায় আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতিটা দারুণ হলো রেয়াল মাদ্রিদের।
৯ ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছে মরিনিয়োর দল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুই নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
শুরুতে কয়েক দফায় রেয়ালের রক্ষণে ভীতি ছড়ায় সেভিয়া। ষোড়শ মিনিটে অল্পের জন্য গোল পায়নি সফরকারীরা। বক্সের ভেতর থেকে রুবেন ভার্গাসের জোরাল হাফ ভলি পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
ধীরে ধীরে গুছিয়ে ওঠে রেয়াল। ২১তম মিনিট বক্সের বাইরে থেকে এন্দ্রিকের নিচু শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। দুই মিনিট পর বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে ডিওমান্ডের শট পাশের জালে লাগে।
ওই আক্রমণের সময় মাঝমাঠে গুল্যারের কনুইয়ের আঘাতে মাটিতে পড়ে যান সেভিয়ার ফের্নান্দেস, তাকে টেনে তুলতে যান ডিন হাউসেন। পরে রেয়ালের এই ডিফেন্ডার ও সেভিয়ার একজনকে হলুদ কার্ড দেখান রেফারি। খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।
৩০তম মিনিটে গুল্যারের চমৎকার গোলে এগিয়ে যায় রেয়াল। ডিওমান্ডের পাসে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে ওপরের কোণা দিয়ে ঠিকানা খুঁজে নেন তুরস্কের মিডফিল্ডার।
তিন মিনিট পর দ্বিগুণ হতে পারত ব্যবধান। ডান দিক দিয়ে বক্সে ঢুকে এমবাপের নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। একটু পরই চোখধাঁধানো এক গোল করেন এমবাপে।
ডান দিক থেকে ডিওমান্ডের পাস জুড বেলিংহ্যাম ব্যাকহিল ফ্লিকে বাড়ান এমবাপের উদ্দেশ্যে, বক্সের ঢোকার মুখে ১৮০ ডিগ্রি ঘুরে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে জালে পাঠান ফরাসি তারকা।
প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ সেভে জাল অক্ষত রাখেন তিবো কোর্তোয়া। বক্সের ভেতর থেকে প্রতিপক্ষের নিচু শট ঝাঁপিয়ে এক হাতে আটকান বেলজিয়ান গোলরক্ষক।
৫৫তম মিনিটে সুযোগ হারান ডিওমান্ডে। এমবাপের পাস ধরে বক্সে ঢুকে বাইরে মারেন আইভরি কোস্টের তরুণ উইঙ্গার।
৬৩তম মিনিটে পানেনকা পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। বক্সে তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
এই মৌসুমে রেয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে এমবাপের গোল হলো ১১টি, যার ৯টি লা লিগায়।
৮০তম মিনিটে একটি গোল শোধ করে লড়াইয়ে কিছুটা উত্তেজনা ফেরায় সেভিয়া। নিচু শটে গোলটি করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা মানু বুয়েনো।
তবে দুই মিনিট পরই তিন গোলের লিড পুনরুদ্ধার করে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ডিওমান্ডে। মাঝমাঠ থেকে অহেলিয়া চুয়ামেনির পাস বাঁ দিকে ধরে এগিয়ে যান তিনি। সামনে ছিল প্রতিপক্ষের দুই খেলোয়াড়। বক্সের বাইরে থেকে জোরাল শটে তাদের মাঝ দিয়েই জালে পাঠান ১৯ বছর বয়সি ফুটবলার।
আসরে তৃতীয় হারের স্বাদ পেল সেভিয়া। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে তারা।
