কাশিমপুর কারাগার থেকেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় যুবলীগ নেত্রীর
শাহাদাত বলেন, শর্মি গ্রেপ্তারের পর ছেলে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে। সঠিক পরিচর্যা করার মতোও কেউ ছিল না।
বিশেষ চাহিদাসম্পন্ন ছেলের মৃত্যুর পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকেই তাকে শেষ বিদায় জানিয়েছেন যুবলীগের সাবেক নেত্রী শারমিন সুলতানা শর্মি।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে মরদেহ গাজীপুরের কাশিমপুর কারাগারে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র সুপার মো. নজরুল ইসলাম।
শারমিন সুলতানা শর্মি (৪৪) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবমহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তিনি ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তাদের ছেলের নাম নিস্বর্গ হোসেন তূর্য (১৫)।
শর্মির স্বামী শাহাদাত হোসেন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে বাসা থেকে তার স্ত্রীকে আটক করে লালবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শাহাদাত বলেন, তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম থেকে প্রতিবন্ধী। ছেলে তুর্য জন্মের পর থেকে মায়ের হাতেই খাওয়াদাওয়াসহ সব কিছু করত। কিন্তু শর্মি গ্রেপ্তারের পর ছেলে মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে। সঠিক পরিচর্যা করার মতোও কেউ ছিল না। এর মধ্যে শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে তুর্য মারা যায়।
তিনি আরও বলেন, “আটকের আগ পর্যন্ত আমার স্ত্রীর নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।”
শনিবার গাজীপুরের কাশিমপুর কারাগারে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি পৌঁছার পর সেটি সরাসরি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকেই ছেলেকে শেষ বিদায় জানান শর্মি।
পরে কারাগার থেকে বের হয়ে শর্মির ছোট বোন শাম্মী বলেন, “আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান।
“এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিল না। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল। মাত্র পাঁচ মিনিট সময় দিল আমার বোনকে তার সন্তানকে শেষ বার দেখতে।”
গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ সকাল সাড়ে ১১টার সময় ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়েছে। সঙ্গে তার পরিবারের স্বজনরাও এসেছেন। পরে নিয়ম অনুযায়ী মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।
নজরুল ইসলাম বলেন, শারমিন সুলতানার পারোলে মুক্তির কোনো কাগজপত্র তিনি পাননি। তবে শারমিন সুলতানার স্বামী শাহাদাত হোসেন মৃত সন্তানকে কারাফটকে শেষবারের মতো কারাবন্দী মায়ের দেখার জন্য আবেদন করেন।
“পরে ঊর্ধ্বতন কারাকর্মকর্তা এবং গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) জানিয়ে এবং তাদের অনুমতি সাপেক্ষে নিয়মানুযায়ী মৃত সন্তানকে দেখার ব্যবস্থা করা হয়েছে।”
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, কাশিমপুর মহিলা কারাগারের বন্দি শারমিন সুলতানার পারোলে মুক্তির জন্য কোনো আবেদন তিনি পাননি।
