১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মহিলা পরিষদের জোবেদা হক জেন্ডার রিসার্চ সেন্টারের উদ্ধোধন

আয়োজনে তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 01:54 AM

Updated : 12 Nov 2026, 01:54 AM

তৃণমূলের নারী আন্দোলনের বাস্তব অভিজ্ঞতাকে তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক গবেষণার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে ‘জোবেদা হক জেন্ডার রিসার্চ এন্ড রিসোর্স সেন্টার’ চালু করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে বুধবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একই আয়োজনে তরুণ গবেষকদের অনুপ্রাণিত করতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য তিনটি ফেলোশিপ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, "প্রযুক্তিনির্ভর এই বিশ্বে শুধু সুযোগ বাড়ালেই চলবে না, নারীকে উন্নয়ন ও স্থায়িত্বশীলতার প্রতিটি জায়গায় অন্তর্ভুক্ত করতে হবে। তবে নারীর অধিকার সুনিশ্চিত না হলে এই উন্নয়ন টেকসই হবে না। এই রিসোর্স সেন্টারকে কেবল সংগঠনের নিজস্ব গণ্ডির মধ্যে না রেখে গবেষক, নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবীদের যুক্ত করে একটি জাতীয় প্ল্যাটফর্মে রূপান্তর করতে হবে।”

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক আয়েশা বানু জেন্ডার বিষয়ক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দেন।

তরুণ প্রজন্মকে আন্দোলন ও নেতৃত্বের অগ্রভাগে আসার আহ্বানও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার ফেলোশিপে আগ্রহীদের বৈজ্ঞানিক ও বাস্তবায়নযোগ্য গবেষণা প্রস্তাব তৈরির পরামর্শ দেন। বিশেষ করে এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পরামর্শ দেন তিনি।

উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে আরও ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) প্রতিনিধি মাহিন সুলতানা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রায় ৯০ জন প্রতিনিধি।