০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মানিক পশারীর দাফনে বাধা ফৌজদারি অপরাধ: ২৮ নাগরিকের বিবৃতি

“যারা এ ধরনের ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তসাপেক্ষে উপযুক্ত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 11:56 PM

Updated : 31 Oct 2026, 11:56 PM

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার দিতে জামায়াতে ইসলামীর বাধা দেওয়ার অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ২৮ জন নাগরিক।

বিবৃতিতে তারা বলেন, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার দাফন মৌলিক মানবাধিকার। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এমনকি রাষ্ট্রও এ অধিকার লংঘন করতে পারে না।

শনিবার অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক এ বি এম শামসুল হুদা সংবাদমাধ্যমে ২৮ নাগরিকের বিবৃতিটি পাঠান।

বিবৃতিতে বলা হয়, “গত ২৪ অক্টোবর বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার গার্ড অব অনার ও দাফনকে কেন্দ্র করে পিরোজপুরে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।”

গত শনিবার পিরোজপুরে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনের আগে রাষ্ট্রীয় সম্মান জানাতে এবং দাফনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দেন বলে অভিযোগ তোলেন স্বজনরা।

পরে পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় মরদেহ সরিয়ে নেওয়া হয় পুলিশ লাইনসে। সেখানে বিকাল ৫টার দিকে গার্ড অব অনার শেষে নিরাপত্তায় মরদেহ ঘিরে রাখা হয়। এরপর রাত ২টায় পুলিশ পাহারায় নিজ গ্রামে পশারীকে দাফন করা হয়। তবে বাধার কারণে প্রয়াতের নারী স্বজনদের কবর খুঁড়তে বাধ্য হন বলেও অভিযোগ উঠেছে।

২৪ অক্টোবরের এ ঘটনার বিষয়ে বিবৃতিতে ২৮ নাগরিক বলেন, “স্বভাবতই প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া কোরো ব্যক্তি মুক্তিযোদ্ধা কিনা তা নির্ধারণ করার একমাত্র ক্ষমতা রাষ্ট্রের। রাষ্ট্র যদি কখনও প্রয়োজন মনে করে তবে সে তা যাচাই-বাছাই করতে পারে। স্বাধীনতার বিরোধীতা করা দল কোনো পর্যায়ে ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা আর কে নন।

Image

মুক্তিযোদ্ধা মানিক পশারী।

“যে দলটি ‘৭১ সালে শুধু স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতাই করেনি, যার নেতাদের অনেকের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ দালিলিকভাবে প্রমানিত। এবং তারা আজ পর্যন্ত সেই অপরাধের দায় স্বীকার বা মুক্তিযুদ্ধে বিরোধীতার জন্য নূন্যতম প্রকাশ্যে ক্ষমা প্রর্থনা করেনি।”

বিবৃতিবে বলা হয়, “এছাড়া মানিক পশারীর সাথে যে কর্মকাণ্ড সংঘঠিত হয়েছে তা ফৌজদারী অপরাধের সামিল। কোনো ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা অতীতের ভূমিকার কারণে তার জানাজা ও দাফনে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানে মৃত ব্যক্তির যথাযথ মর্যাদায় সৎকার করা ইসলাম ধর্মসহ সব ধর্মেরই অনুশাসন এবং অবশ্য পালনীয় শিক্ষা হিসেবে বিবেচিত। সেই শিক্ষাকে অবজ্ঞা দেখিয়ে মানিক পশারীর প্রতি যে অসম্মান তারা দেখিয়েছে তাকে ধিক্কার জানাবার ভাষা আমাদের জানা নেই। যারা এ ধরনের ফৌজদারি অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তসাপেক্ষে উপযুক্ত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।”

বিবৃতিতে সই করেছেন- মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না, গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আলোকচিত্রী শহিদুল আলম, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের জোবাইদা নাসরীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, লন্ডন স্কুল অব ইকোনমিক্সয়ের পলিটিকাল সাইন্সের ভিজিটিং প্রফেসর স্বপন আদনান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোভা আহমেদ, লেখক ও গবেষক রেহনুমা আহমেদ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী তবারক হোসেন, বিএনডব্লিউএলএ’র নির্বাহী পরিচালক সালমা আলী, মানবাধিকারকর্মী মো. নুর খান, লেখক ও গবেষক পাভেল পার্থ, গবেষক ও অধিকার কর্মী রোজিনা বেগম, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সাইদুর রহমান, মানবাধিকার কর্মী সাঈদ আহমেদ ও দীপায়ন খীসা, অধিকার কর্মী হানা শামস আহমেদ ও অধিকার কর্মী মুক্তাশ্রী চাকমা।

দাফনে বাধার পরিণতি তারা ভোগ করবে: উপদেষ্টা জাহেদ

মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ: প্রতিবাদে চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

‘জামায়াতের বাধা’: সাঈদীর মামলার সাক্ষীর লাশ ১৫ ঘণ্টা পর পুলিশ প্রহরায় দাফন

মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ