মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহরের প্রধান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহরের প্রধান সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ফিরোজ খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, যুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিন, সদস্যসচিব শেখ আকবর হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এমন অসম্মান করা এবং জানাজা-দাফনে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক ও দণ্ডনীয় অপরাধ।
বক্তারা অবিলম্বে এ ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
৫ অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে চলে যান ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী। টুঙ্গিপাড়ায় আত্মগোপনে থাকা অবস্থায় ২৪ অক্টোবর তার মৃত্যু হয়।
পরে পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতি নেওয়া হলে জামায়াত সমর্থিত কর্মীরা আপত্তি জানান বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে পুলিশ লাইনে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
পরবর্তী সময়ে গভীর রাতে পুলিশ পাহারায় দাফন সম্পন্ন হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়।
