০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় বলে জানান আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Nov 2026, 10:36 PM

Updated : 05 Nov 2026, 10:36 PM

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজবাড়ী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি হয়।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয় বলে জানান আয়োজকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান, জানাজা অনুষ্ঠান ও দাফনেও বাধা দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে স্বাধীনতাবিরোধী শক্তির লোকজন জড়িত বলেও তারা দাবি করেন।

বক্তারা বলেন, চরম প্রতিকূল পরিস্থিতিতে স্বজনরা রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে কবর খুঁড়ে তাকে দাফন করতে বাধ্য হয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের সঙ্গে এমন আচরণ জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

রাজবাড়ী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব বাকাউল আবুল হাসেম, সদস্য শহিদুল হক, গোলাম কবির ও এমরান খান।