চুয়েটে শিক্ষার্থীদের দুই পক্ষের মারামারি, আহত ৫
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়।
শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত।
সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ভৈরব বর্মণ কয়েকজন জুনিয়র শিক্ষার্থীর সঙ্গে বসে ছিলেন। এ সময় একই শিক্ষাবর্ষের রাকিন নামে এক শিক্ষার্থী জুনিয়রদের একজনকে সেখান থেকে ডেকে নিয়ে যান।
ভৈরব ওই শিক্ষার্থীকে যেতে নিষেধ করলে এ নিয়ে পরে রাকিনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
ওই ঘটনার মীমাংসা করতে শুক্রবার রাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আলোচনায় বসেন। সেখানে একপর্যায়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেও সংঘর্ষ হয়।
এতে পাঁচজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন। অন্য দুজন বাইরে গিয়ে চিকিৎসা নেন।
জানতে চাইলে চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে কেউ এখনো পর্যন্ত আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ নিয়ে এলে ব্যবস্থা নেওয়া হবে।”
