১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

এআই চিপে ভর করে ট্রিলিয়ন ডলার রপ্তানির ক্লাবে দক্ষিণ কোরিয়া

এআই খাতে ক্রমাগত বিনিয়োগের ফলে চিপের চাহিদা আকাশচুম্বী হওয়ায় সেমিকন্ডাক্টর খাতই রপ্তানির এই উল্লম্ফনে নেতৃত্ব দিয়েছে।

এআই চিপে ভর করে ট্রিলিয়ন ডলার রপ্তানির ক্লাবে দক্ষিণ কোরিয়া

বর্তমানে দেশটির মোট রপ্তানি আয়ের ৪২ শতাংশই আসছে এই খাত থেকে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 04:07 PM

Updated : 19 Nov 2026, 04:07 PM

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের ব্যাপক চাহিদার ওপর ভর করে এ বছরে দক্ষিণ কোরিয়ার রপ্তানি আয় ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে।

রয়টার্স লিখেছে, জার্মানি, যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যে এই গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল দেশটি।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, গত বছরের ৭০৯ বিলিয়ন ডলারের রেকর্ড ছাপিয়ে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৫টা ৯ মিনিটে দেশটির রপ্তানি ১ ট্রিলিয়ন ডলারের ঘর পেরিয়েছে।

এআই খাতে ক্রমাগত বিনিয়োগের ফলে চিপের চাহিদা আকাশচুম্বী হওয়ায় সেমিকন্ডাক্টর খাতই রপ্তানির এই উল্লম্ফনে নেতৃত্ব দিয়েছে।

অন্যদিকে, মার্কিন শুল্কের কারণে তৈরি বৈশ্বিক বাণিজ্য সংরক্ষণবাদ ও ইরান যুদ্ধের মতো ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাবে গাড়ি, ইস্পাত ও জাহাজ নির্মাণের মতো প্রচলিত উৎপাদন খাতগুলো তুলনামূলক পিছিয়ে পড়েছে।

পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় সেমিকন্ডাক্টর রপ্তানি বেড়েছে ১৮৪ শতাংশ।

বর্তমানে দেশটির মোট রপ্তানি আয়ের ৪২ শতাংশই আসছে এই খাত থেকে, যা গত পাঁচ বছরের গড় অবদান ২০ শতাংশের দ্বিগুণেরও বেশি।

এই মাইলফলকে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেছেন, “এখন আমাদের এই অর্জনকে টেকসই প্রবৃদ্ধিতে রূপ দিতে হবে।

“আমরা প্রধান শিল্পগুলোর সক্ষমতা বাড়াব এবং এআই ও বায়ো-প্রযুক্তির মতো ভবিষ্যৎ প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোর আরও বিকাশ ঘটাব।

“রপ্তানির এই সাফল্য যেন মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। বড় ও ছোট সব প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী এবং আঞ্চলিক এলাকাগুলোর মধ্যেও প্রবৃদ্ধির সুযোগ ও সুফল ভাগ করে নিয়ে আমরা সবার জন্য প্রবৃদ্ধি নিশ্চিত করব।”

তবে রেকর্ড রপ্তানির পরও এশিয়ার চতুর্থ বৃহত্তম এই অর্থনীতির অভ্যন্তরীণ চাহিদা এখনও বেশ দুর্বল। রপ্তানি বৃদ্ধির সুফল এখনো দেশের অনেক পরিবারের কাছে পৌঁছায়নি।

উচ্চ সুদের হার, নিত্যপণ্যের চড়া দাম ও দেশের শেয়ার বাজারে নজিরবিহীন অস্থিরতার কারণে ভোক্তাদের মনোবলে নেতিবাচক প্রভাব পড়েছে।

অর্থনীতির দ্বিমুখী গতির কারণে তৈরি ক্রমাগত বৈষম্য ঠেকানোর অংশ হিসেবে লি প্রশাসন ১৬২ দশমিক ৩ ট্রিলিয়ন ওন বা ১২১ দশমিক ৯৪ বিলিয়ন ডলার আকারের ‘ফিউচার রেসপন্স ফান্ড’ গঠনের পরিকল্পনা করছে।

চিপ খাতের রমরমা ব্যবসার সুবাদে পাওয়া অতিরিক্ত রাজস্ব আয় এই তহবিলের মাধ্যমে উদীয়মান শিল্প, তরুণ সমাজ, আঞ্চলিক উন্নয়ন ও শিক্ষা খাতে ব্যয় হবে।

১ ট্রিলিয়ন ডলার রপ্তানির এই মাইলফলককে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতিতে দেশটির শীর্ষ ছয়টি ব্যবসায়িক সংগঠন বলেছে, “রপ্তানি থেকে অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরি এবং আঞ্চলিক অর্থনীতিকে চাঙ্গা করার যে চক্র তা আরও শক্তিশালী করতে সরকার ও বেসরকারি খাতকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে মানুষ তাদের দৈনন্দিন জীবনে রপ্তানি প্রবৃদ্ধির সুফল ভোগ করতে পারেন।”

গেল মাসে দেশটির অর্থমন্ত্রী বলেছিলেন, শীর্ষস্থানীয় চিপ নির্মাতা কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের আবাসভূমি দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর ৩ শতাংশের মাঝামাঝি পর্যায়ে পৌঁছাবে।

গেল বছর এই প্রবৃদ্ধি ছিল কেবল ১ শতাংশ। তবে এআই খাতের জোয়ারে রপ্তানি ও বিনিয়োগ বাড়ায় অর্থনীতিতে এই গতি সঞ্চার হচ্ছে।