এআই জোয়ারে ট্রিলিয়ন ডলার ক্লাবে এএমডি
এনভিডিয়া, ব্রডকম ও মাইক্রনের পর চতুর্থ মার্কিন চিপ নির্মাতা কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলারের ঘরে প্রবেশ করল এএমডি। এর আগে, ২০২৩ সালে এনভিডিয়া এই মাইলফলক পেরিয়েছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে মার্কিন চিপ নির্মাতা কোম্পানি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস বা এএমডি।
রয়টার্স লিখেছে, এআই কম্পিউটিং খাতে নিজেদের ক্রমাগত ভূমিকা নিয়ে বিনিয়োগকারীদের আস্থার ফলে সোমবার এ মাইলফলকে পৌঁছল কোম্পানিটি, যার মাধ্যমে বিশ্বের স্বল্পসংখ্যক চিপ নির্মাতা কোম্পানির এলিট ক্লাবে নাম লেখাল এএমডি।
রেকর্ড উচ্চতায় পৌঁছে সর্বশেষ লেনদেনে এএমডির শেয়ারের দাম ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ৬১৩ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে, যা কোম্পানিটির ইতিহাসে সর্বোচ্চ।
ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারাভিত্তিক কোম্পানিটির জন্য এ অর্জন দ্রুত উত্থানেরই নির্দেশক। ‘গ্রাফিক্স প্রসেসিং ইউনিট’ বা জিপিইউ চিপের বাজারে এআই খাতের শীর্ষ কোম্পানি এনভিডিয়ার সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হয় এএমডি।
এনভিডিয়া, ব্রডকম ও মাইক্রনের পর চতুর্থ মার্কিন চিপ নির্মাতা কোম্পানি হিসেবে ট্রিলিয়ন ডলারের ঘরে প্রবেশ করল এএমডি।
এর আগে, ২০২৩ সালে এনভিডিয়া এই মাইলফলক পেরিয়েছিল এবং বর্তমানে ৫ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারদর নিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির আসনে রয়েছে।
নিউ ইয়র্কের ‘গ্রেট হিল ক্যাপিটাল এলএলসি’র চেয়ারম্যান টমাস হেইস বলেছেন, “বিনিয়োগকারীরা আবার এআই খাতের বিনিয়োগে ফিরে আসছেন।”
এর আগে, বড় বড় প্রযুক্তি কোম্পানির এআই খাতের ব্যয় নিয়ে বাজার সতর্ক থাকায় গত কয়েক মাসে বিভিন্ন চিপ নির্মাতা কোম্পানির প্রতি উৎসাহ কিছুটা কমেছিল।
পাশাপাশি, মার্কিন-ইরান সংঘাতের জেরে তেলের ঊর্ধ্বমুখী দাম ও দীর্ঘমেয়াদে সুদের হার চড়া থাকার প্রত্যাশাও বাজারে বাড়তি চাপ তৈরি করেছিল।
তবে হেইস বলেছেন, বিনিয়োগকারীরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন, ফেডারেল রিজার্ভের তৈরি অর্থনৈতিক শ্লথগতির বাজারে একমাত্র এআই খাতই সাফল্য দেখাতে পারে।
“এএমডি তারই বড় উদাহরণ।”
এদিকে, সোমবারের বাজারে বেশিরভাগ চিপ কোম্পানির শেয়ারেই ব্যাপক উল্লম্ফন দেখা গেছে। যার মধ্যে এএমডির প্রধান প্রতিদ্বন্দ্বী ইনটেলের শেয়ারের দাম প্রায় ১১ দশমিক ৮ শতাংশ ও কোয়ালকমের শেয়ার ৪ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
সার্বিকভাবে চিপ খাতের সূচকটি ২ দশমিক ৭ শতাংশ বেড়ে গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।
চিপের গণ্ডি পেরিয়ে
এনভিডিয়ার সঙ্গে টেক্কা দিতে কেবল আলাদা চিপ বিক্রির ধারণার বাইরে এসে সম্পূর্ণ সিস্টেম, যেমন প্রসেসর, নেটওয়ার্কিং সরঞ্জাম ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার সরবরাহের ওপর জোর দিয়েছে এএমডি।
এআই পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়াও দ্রুততর করেছে কোম্পানিটি।
অন্যদিকে, সার্ভারে ইনফেরেন্স বা অনুমান প্রক্রিয়াকরণের কাজে গ্রাফিক্স প্রসেসরের পাশাপাশি ব্যবহৃত ‘সেন্ট্রাল প্রসেসিং ইউনিট’ বা সিপিইউ-এর ক্রমাগত চাহিদা ইনটেলের কাছ থেকে বাজার দখল করতে এএমডিকে সহায়তা করেছে।
গেল মাসে ওয়াল স্ট্রিটের অনুমান ছাড়িয়ে ত্রৈমাসিক আয়ের পূর্বাভাস দিলেও তা বিনিয়োগকারীদের আকাশচুম্বী প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি।
