১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

এআই দুনিয়ায় ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বে বড় ঝুঁকির প্রমাণ হুয়াং

এআই শিল্পের শীর্ষ কোম্পানিগুলোর সাফল্য এখন কয়েকজন প্রধান নির্বাহীর ওপর এতটাই নির্ভরশীল যে তাদের অনুপস্থিতি বড় সংকট তৈরি করতে পারে।

এআই দুনিয়ায় ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বে বড় ঝুঁকির প্রমাণ হুয়াং

“ইতিহাসে আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে এত গুরুত্বপূর্ণ একটি শিল্প অল্প কয়েকজন মানুষের হাতে পরিচালিত হচ্ছে।” ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 02:33 PM

Updated : 14 Nov 2026, 02:33 PM

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং শুধু কোম্পানিটির পরিচিত মুখ নন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিল্পের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন। তবে, তাকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিল্পের নেতৃত্ব কাঠামো নিয়ে নতুন প্রশ্ন সামনে এনেছে।

সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, হুয়াংকে ঘিরে এই বিতর্ক এআই শিল্পের এমন এক দুর্বলতা প্রকাশ করেছে, যা নিয়ে খুব একটা আলোচনা হয় না। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রযুক্তি কোম্পানিগুলোর অনেকগুলোর ভবিষ্যৎ এখন একজন ব্যক্তির নেতৃত্ব ও সিদ্ধান্তের ওপর গভীরভাবে নির্ভরশীল।

এনভিডিয়াকে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত করার পেছনে বড় ভূমিকা রেখেছেন হুয়াং। এআই প্রযুক্তির উত্থানে কোম্পানিটির চিপের চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি তিনি হয়ে উঠেছেন শিল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র, হোয়াইট হাউস ও বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। ওয়াল স্ট্রিটে এআই ব্যবসা নিয়ে উদ্বেগ তৈরি হলেও নানা সময়ে সামনে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

কিন্তু এখন চীনা গোয়েন্দার সঙ্গে কাজ করতেন বলে অভিযোগ ওঠা এক নির্বাহীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর হুয়াং নিজেই বড় বিতর্কের কেন্দ্রে। বিষয়টি ওয়াল স্ট্রিট, ওয়াশিংটন ও সিলিকন ভ্যালিতে আলোড়ন তৈরি করেছে।

এ ধরনের ঝুঁকিকে কর্পোরেট জগতে ‘কি ম্যান রিস্ক’ বলা হয়। অর্থাৎ কোনো কোম্পানির সাফল্য বা পরিচালনা যখন একজন বিশেষ ব্যক্তির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, তখন তার অনুপস্থিতি বা সংকট কোম্পানিটির জন্য বড় বিপদ তৈরি করতে পারে।

এ ঝুঁকি যে কেবলএনভিডিয়ার, তা নয়। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের নেতৃত্বের ওপর নির্ভরশীল টেসলা ও স্পেসএক্স। ওপেনএআইয়ের পরিচয়ের সঙ্গে প্রায় অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। মেটার প্রায় প্রতিটি বড় সিদ্ধান্তে সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের প্রভাব রয়েছে। অন্যদিকে, এআইয়ের নিরাপত্তা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা দারিও অ্যামোদেই কোম্পানিটির পরিচিত মুখ হয়ে উঠেছেন।

ইয়র্কভিল আইভস অ্যান্ড কোম্পানির অংশীদার ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক ড্যান আইভস সিএনএনকে বলেন, “কি ম্যান রিস্ক কখনো এতটা আশীর্বাদ ও অভিশাপ হয়ে ওঠেনি। আমাদের সব সময়ই ক্ষমতাধর প্রধান নির্বাহী ছিলেন। কিন্তু ইতিহাসে আগে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে এত গুরুত্বপূর্ণ একটি শিল্প এমন অল্প কয়েকজন মানুষের হাতে পরিচালিত হচ্ছে, যাদের সংখ্যা দুই হাতের আঙুলে গোনা যায়।”

তার মতে, এআই শিল্পের জটিলতা, গোপনীয়তা এবং বিশেষায়িত জ্ঞানের প্রয়োজনীয়তা একে একজন ব্যক্তির ওপর নির্ভরশীল করে তুলছে।

“যেসব নেতৃত্ব আগেভাগেই পরিস্থিতি বুঝতে পারেন, তারা তো আর গাছে ধরে না,” বলেন আইভস।

নেতৃত্বের সৌরজগৎ মডেল

ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক জেফরি সোনেনফেল্ড, যিনি প্রধান নির্বাহীদের নেতৃত্ব নিয়ে গবেষণার জন্য পরিচিত, তিনি মনে করেন প্রতিষ্ঠাতাদের হাতে বেশি ভোটাধিকার থাকা সমস্যা নয়। তবে কোম্পানির সব নিয়ন্ত্রণ একজনের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।

তিনি বলেন, “এই কোম্পানিগুলো নেতৃত্বের একটি সৌরজগৎ মডেল তৈরি করেছে, যা সমস্যার কারণ হতে পারে। নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য বিকল্প লোক তৈরি করতে হবে।”

প্রধান নির্বাহীর উত্তরসূরি নির্বাচন ও নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন সোনেনফেল্ড। গত বছরই তার নেতৃত্বাধীন চিফ এক্সিকিউটিখ লিডারশিপ ইনস্টিটিউট এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হুয়াংকে ইয়েল লিজেন্ড ইন লিডারশিপ পুরস্কার দিয়েছে।

তবে কোম্পানিটির নেতৃত্ব কাঠামোর একটি বড় দুর্বলতা সামনে এসেছে হুয়াংকে ঘিরে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের তদন্তে। প্রয়োজন হলে দ্রুত দায়িত্ব নিতে পারবেন, এমন কোনো সুস্পষ্ট বিকল্প নেতৃত্ব এখনও দৃশ্যমান নয়।

সোনেনফেল্ড বলেন, “পরিচালনা পর্ষদের কোনো উত্তরসূরি পরিকল্পনা ছিল না, যা বিস্ময়কর। জেনসেন গর্ব করে বলেছেন, তার অধীনে সরাসরি ৬০ জন কাজ করেন। এটা পাগলামি।”

উত্তরসূরি তৈরি রাখা কেন জরুরি

কোনো কেলেঙ্কারি, স্বাস্থ্যগত জরুরি অবস্থা কিংবা আকস্মিক ঘটনায় প্রধান নির্বাহীকে দায়িত্ব ছাড়তে হলে কোম্পানির নেতৃত্ব ধরে রাখার জন্য বিকল্প নির্বাহী তৈরি রাখা জরুরি।

এ ক্ষেত্রে জেপিমরগ্যান চেজের উদাহরণ টেনেছে সিএনএন। দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেমি ডাইমনের অধীনে কোম্পানিটি অভিজ্ঞ নির্বাহীদের একটি শক্তিশালী দল তৈরি করেছে। ওয়াল স্ট্রিটের প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো নিয়মিতই তাদের কাছ থেকে শীর্ষ নির্বাহী নিয়ে গেলেও নেতৃত্বের বিকল্প তৈরি রাখার এই সক্ষমতা তাদের রয়েছে।

অন্যদিকে, স্পেসএক্স সম্প্রতি বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছে, কোম্পানিটি ইলন মাস্কের দায়িত্ব পালন ও কর্মদক্ষতার ওপর ‘অসম্ভবরকম নির্ভরশীল’।

কোম্পানিটির এক নথিতে বলা হয়েছে, “মি. মাস্কের মৃত্যু, অক্ষমতা কিংবা অন্য কোনো কারণে তার অনুপস্থিতি অথবা বর্তমান দায়িত্ব পালনে তার অক্ষমতা বা অনিচ্ছা আমাদের ব্যবস্থাপনা কাঠামোয় বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এতে কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গ্রাহক, অংশীদার ও অন্যান্য অংশীজনের সঙ্গে আমাদের সুনাম ও সম্পর্কের অবনতি ঘটতে পারে।”

নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া এনভিডিয়ার সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদনে হুয়াংয়ের ওপর কোম্পানিটির নির্ভরতার মাত্রা সরাসরি উল্লেখ করা হয়নি। তবে সেখানে বলা হয়েছে, কোম্পানিটি তার নির্বাহী দলের সেবার ওপর ‘খুবই নির্ভরশীল’।

একই প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, কার্যকর উত্তরসূরি পরিকল্পনা নিশ্চিত করতে ব্যর্থ হলে কোম্পানির কৌশলগত পরিকল্পনা, বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি সাফল্য বাধাগ্রস্ত হতে পারে।

এআই শিল্পের সব দায়িত্ব যেন হুয়াংয়ের হাতে

এনভিডিয়ার উত্থানের গল্পে নিজের ভূমিকাকে সব সময় গুরুত্ব দিয়ে তুলে ধরেন হুয়াং। ১৯৯৩ সালে একটি ডেনিস রেস্তোরাঁয় কোম্পানিটির যাত্রা শুরু হয়েছিল। সেখান থেকে এটি এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর একটিতে পরিণত হয়েছে।

এআই শিল্পের নানা সংকটেও বারবার সামনে এসেছেন হুয়াং।

এআই নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ তৈরি হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিল্পটির নিজস্ব নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে কথা বলার সময় হুয়াং ছিলেন সামনে।

চীনের সস্তা ও উন্মুক্ত এআই মডেল নিয়ে উদ্বেগে বিশ্ববাজারে শেয়ার বিক্রি শুরু হলে ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মিলে ৫০০ বিলিয়ন ডলারের একটি পরিকল্পনা তৈরিতে যুক্ত হন তিনি। এআই চিপের পেছনে বিনিয়োগের অর্থপ্রবাহ ধরে রাখাই ছিল এর লক্ষ্য।

আন্তর্জাতিক অঙ্গনেও এআই শিল্পের প্রতিনিধি হিসেবে কাজ করছেন হুয়াং। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করে ‘সার্বভৌম এআই’ ধারণার পক্ষে প্রচার চালিয়েছেন তিনি। এই ধারণা অনুযায়ী, প্রতিটি দেশের নিজস্ব এআই ব্যবস্থা তৈরি ও নিয়ন্ত্রণের সক্ষমতা থাকা প্রয়োজন।

এ ছাড়া, এআই প্রযুক্তির বিস্তৃত পরিসর গড়ে তুলতে এনভিডিয়ার বিনিয়োগ পরিকল্পনাতেও নেতৃত্ব দিয়েছেন হুয়াং। গত সেপ্টেম্বরে কোম্পানিটি জানিয়েছে, এ খাতে তাদের ইকুইটি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ বিলিয়ন ডলার। দুই বছর আগে এই অঙ্ক ছিল মাত্র ২ দশমিক ২ বিলিয়ন ডলার।

আইভস বলেন, “জেনসেন এআইয়ের বৈশ্বিক মুখ। তাকে একজন, দুজন কিংবা তিনজন বিকল্প প্রার্থী দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তিনি শুধু একজন প্রধান নির্বাহী নন, এআই শিল্পের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।”

হুয়াং প্রায়ই বলেছেন, একাধিকবার এনভিডিয়াকে প্রায় ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে এনেছেন তিনি। কোম্পানিটির অভ্যন্তরীণ একটি স্লোগানও এই ভাবনার ওপর ভিত্তি করে তৈরি।

স্লোগানটি হলো, “আমাদের কোম্পানি দেউলিয়া হওয়ার ৩০ দিন দূরে রয়েছে।”

Image

তিনি হয়ে উঠেছিলেন এআই শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র”। ছবি: রয়টার্স

জেমস বন্ডের সিনেমার মতো বিতর্ক

এ কারণেই গত কয়েক দিনের ঘটনা এনভিডিয়ার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াং বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলো তারা তদন্ত করছে।

হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে নিজেকে অবিশ্বস্ত বলেছেন। তিনি বলেন, তার এই আচরণ স্ত্রী ও সন্তানদের কষ্ট দিয়েছে।

এক বিবৃতিতে হুয়াং বলেন, “আমি যা করেছি এবং যে কষ্ট দিয়েছি, তার সম্পূর্ণ দায় নিচ্ছি। এর জন্য যে সমালোচনা আসবে, তা-ও মেনে নিচ্ছি।”

এনভিডিয়ার তদন্তেও সমর্থন জানিয়েছেন তিনি।

যার সঙ্গে তার সম্পর্ক ছিল, সেই ব্যক্তির নাম হুয়াং প্রকাশ করেননি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সন্দেহ করছেন, ওই ব্যক্তি চীনের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন এবং দেশটিতে উন্নত এআই চিপ পাচারেও সহায়তা করেছেন।

আইভস বলেন, “প্রযুক্তি নিয়ে ৩০ বছর ধরে কাজ করতে গিয়ে আমি সব ধরনের ঘটনা দেখেছি। কিন্তু এটি সত্যিই বিস্ময়কর। বিনিয়োগকারীদের জন্য বিষয়টি বিশ্বাস করা কঠিন।”

তিনি আরও বলেন, “এটি যেন জেমস বন্ডের কোনো সিনেমা ভয়াবহভাবে ভুল পথে চলে যাওয়ার মতো ঘটনা।”

অন্য কর্মী হলে চাকরি থাকত না

সোনেনফেল্ড মনে করেন, হুয়াং শেষ পর্যন্ত নিজের পদে থাকতে পারবেন কি না, সেই সম্ভাবনা ৫০-৫০। তার মতে, পরিচালনা পর্ষদ ও কংগ্রেসের বিভিন্ন কমিটির একাধিক তদন্তের মুখে থেকে একই সঙ্গে এনভিডিয়ার মতো কোম্পানি পরিচালনা চালিয়ে যাওয়া হুয়াংয়ের জন্য কঠিন হবে।

তার ধারণা, কোম্পানির নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে পরিচালনা পর্ষদ হুয়াংকে সরাসরি ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরিয়ে প্রতীকী কোনো পদ দিতে পারে।

আরেকটি বিকল্প হতে পারে, এআই সম্পর্কে গভীর ধারণা রয়েছে এমন কোনো অভিজ্ঞ সাবেক প্রযুক্তি নির্বাহীকে দায়িত্ব দেওয়া। এ ক্ষেত্রে গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক স্মিডের নাম উল্লেখ করেছেন তিনি।

সোনেনফেল্ড বলেন, “জিম্মি হয়ে থাকা এড়াতে পরিচালনা পর্ষদ বিকল্প ব্যবস্থা বের করতে পারে। তিনি অন্য যে কোনো কর্মী হলে তাকে চাকরিচ্যুত করা হতো। কিন্তু তিনি কোম্পানিটির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তার নাম এনভিডিয়ার চেয়েও বড় হয়ে উঠেছে।”