অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জে টেক্সটাইল শিক্ষার্থীদের বিক্ষোভ
“আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। নিরুপায় হয়ে সড়ক অবরোধ করেছি।”
সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেনের পদত্যাগের দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগে রোববার সকাল ১০টা থেকে দুই ঘণ্টা শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে উপজেলা প্রশাসন ও পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা অর্থ অধ্যক্ষ নোহরাব হোসেন আত্মসাৎ করেছেন। এ ছাড়া রাসায়নিক সামগ্রী কেনার জন্য বরাদ্দ করা অর্থেরও যথাযথ হিসাব নেই। এসব অনিয়মের অভিযোগ তুলে অধ্যক্ষের বদলির দাবিতে গত ১৮ দিন ধরে আন্দোলন করছেন তারা। রবিবার তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী আপন মিয়া বলেন, “আমরা দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের বদলি চাই। আমরা ১৮ দিন ধরে আন্দোলন করছি। নিরুপায় হয়ে সড়ক অবরোধ করেছি।”
অপর শিক্ষার্থী আমিন উদ্দিন বলেন, “দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলন চলবে। ক্যাম্পাসে দুর্নীতিবাজ অধ্যক্ষ চাইনা।”
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, পুলিশ ও প্রশাসনের অনুরোধের পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। তাদের আন্দোলনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে যাতে তাদের দাবি বাস্তবায়ন করা যায়, সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
আন্দোলন থেকে সরে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষার্থী আপন মিয়া বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুরোধে কর্মসূচি থেকে সরে এসেছি। তবে আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আমরা অসহযোগ আন্দোলনে যাব।”
