২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াতের আমিরের চিঠি

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 01:50 PM

Updated : 29 Nov 2026, 01:50 PM

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ কাছে চিঠি পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর আমির, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

চিঠি দুটি গতকাল শনিবার ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের মাধ্যমে পাঠানো হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জামায়াত।

গেল ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে রায় দেওয়ার পর থেকে দুই দেশ যে নেতৃত্ব দেখিয়েছে, সেজন্য তিনি সংসদের বিরোধী দলের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি, মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং রাখাইন রাজ্যের দায়িত্বে থাকা ওয়েস্টার্ন কমান্ডের বর্তমান ও সাবেক কমান্ডারসহ মিয়ানমার সেনাবাহিনীর পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপকে স্বাগত জানান।

মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহে বিধিনিষেধ, ন্যায়বিচার নিশ্চিত করা ও রাখাইনে মানবিক সহায়তার জন্য নতুন অর্থায়ন এবং আগামী ৭ ডিসেম্বর নিরাপত্তা পরিষদের বৈঠকের অনুরোধকেও স্বাগত জানিয়েছেন শফিকুর।

ফরাসি প্রেসিডেন্টকে লেখা চিঠিতে আদালতের রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক বলে ফ্রান্সের ঘোষণা এবং জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদের আওতায় নিরাপত্তা পরিষদের পদক্ষেপ চাওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর উদ্যোগের জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন শফিকুর।

কোনো পক্ষ আইসিজের রায় না মানলে, এই অনুচ্ছেদের আওতায় নিরাপত্তা পরিষদ তা কার্যকর করার ব্যবস্থা নিতে পারে। মামলায় হস্তক্ষেপকারী রাষ্ট্রগুলোর একটি হিসেবে ফ্রান্সের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেন এবং ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের সমর্থন কামনা করেন।

বাংলাদেশ ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, অথচ এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও নিজ দেশে ফিরে যেতে পারেননি—এ কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা দুটি চিঠিতেই বলেন, ১২ থেকে ১৮ মাসের মধ্যে নিরাপদ প্রত্যাবাসনের যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সংসদের বিরোধী দল তার পাশে রয়েছে। তিনি একে ‘দলীয় নয়, জাতীয় অবস্থান’ হিসেবে বর্ণনা করেন।

চিঠিতে নিরাপত্তা পরিষদে বাংলাদেশের উদ্বেগ তুলে ধরতে দুই দেশের প্রতি আহ্বান রেখেছেন জামায়াতের আমির।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ামনার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছে, সেটাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রাখাইনে ২০১৭ সালে দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর চালানো নৃশংসতার ভয়াবহ সব প্রমাণ তুলে ধরে আইসিজে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, ওই সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। নারীদের ওপর ‘ব্যাপক যৌন সহিংসতা’ চালিয়েছে এবং শিশুদের ওপর ‘চরম বর্বরতা’ দেখিয়েছে।