২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

“মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 01:44 PM

Updated : 29 Nov 2026, 01:44 PM

রংপুর নগরীর প্রেসক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে পড়ে থাকা রশি দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে এসআরবি-১৩ এর বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি উদ্ধার করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী হকাররা জানান, সকাল ৭টার দিকে চলন্ত একটি মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে ফেলা হয়। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও এসআরবি-১৩ এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনা এড়াতে বস্তুটি একটি বালতিতে পানির মধ্যে রাখা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

উদ্ধার করা বস্তুটি ককটেল হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এর প্রকৃত ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান বলেন, “উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হবে।”

ঘটনাস্থল পরিদর্শন করে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি রংপুর প্রেসক্লাব মার্কেটের সামনে ককটেল সদৃশ বস্তুটি রেখে চলে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সেটি নিরাপত্তার আওতায় নিয়ে আসে।

তিনি বলেন, “মোটরসাইকেলে আসা ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।”