১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পরিত্যক্ত স্কুলভবন থেকে ককটেল সদৃশ ৭৭ বস্তু-গান পাউডার উদ্ধার

ককটেল তৈরি করে নাশকতার কাজে এগুলো সরবরাহ করা হতো বলে ভাষ্য এসআরবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 04:59 PM

Updated : 17 Nov 2026, 04:59 PM

পাবনার সাঁথিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে লাল টেপ দিয়ে মোড়ানো বিভিন্ন আকারের ককটেল সদৃশ ৭৭টি বস্তু ও গান পাউডার উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাবনা এসআরবির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার।

এসআরবি জানায়, বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ককটেল ও বোমা জাতীয় বিস্ফোরক তৈরি করে নাশকতার কাজে সরবরাহ করা হয়, এমন খবর পেয়ে বেশ কিছুদিন ধরে নজরদারি চালাচ্ছিল এসআরবি।

সোমবার রাত ১২টার দিকে ওই ভবনে অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন সাইজের ককটেল সদৃশ ৭৭টি বস্তুর পাশাপাশি ১৩০ গ্রাম গান পাউডার ও লাল টেপসহ ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।

পরে রাজশাহী থেকে আসা এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় দুপুরে বিস্ফোরকগুলো নিরাপদে উদ্ধার করা হয় বলে জানান কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার।

তিনি বলেন, পেশাদারভাবে ককটেল তৈরি করে নাশকতার কাজে এগুলো সরবরাহ করা হতো। তবে অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ডলি রানী সরকার বলেন, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যগুলো সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।