বরিশালে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার
পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
বরিশালের গৌরনদী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় নয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকায় এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান খান।
তিনি বলেন, টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মাঝখানে ককটেলগুলো পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রাখে।
পরে দুপুর দেড়টার দিকে এসআরবি-৬-এর বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ওসি বলেন, ককটেলগুলো সেখানে কীভাবে এসেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হবে।
