২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টা রিকায় ঢুকতে না পেরে মেক্সিকোয় আলবানিজ

অভিযোগের প্রমাণ হাজির করার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

কোস্টা রিকায় ঢুকতে না পেরে মেক্সিকোয় আলবানিজ

মেক্সিকোর একটি বিমানবন্দরে আলবানিজ পৌঁছালে জড়ো হন লোকজন। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 02:05 PM

Updated : 29 Nov 2026, 02:05 PM

কোস্টা রিকায় প্রবেশে বাধার মুখে পড়ার পর শনিবার মেক্সিকো সিটিতে পৌঁছেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ মানবাধিকার র‌্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কোস্টা রিকার এ পদক্ষেপে জাতিসংঘ উদ্বেগ জানালেও যুক্তরাষ্ট্র প্রশংসা করেছে।

মেক্সিকো সিটিতে পৌঁছে আলবানিজ তার বিরুদ্ধে তোলা অভিযোগের প্রমাণ হাজির করতে কোস্টা রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান অর্থমন্ত্রী রদ্রিগো চাভেসকে চ্যালেঞ্জ জানান।

চাভেস সোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে আলবানিজের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলেছিলেন।

পাল্টা জবাবে আলবানিজ বলেন, “আপনাদের কাছে প্রমাণ না থাকলে আশা করি বিচারিক কর্তৃপক্ষের কাছে জবাব দেবেন, কারণ এটি মানহানি।

“আমি জানি, এই অঞ্চল প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে অনেক চাপ অনুভব করছে, এক অর্থে। কিন্তু মানবতা বলেও কিছু আছে।”

এর আগে কোস্টা রিকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিতে বৃহস্পতিবার দেশটিতে যান ইতালীয় এই আইনজীবী।

তবে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক সতর্কতা’ জারি থাকার কথা জানিয়ে তাকে রাজধানী সান হোসের হুয়ান সান্তামারিয়া বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বিমানবন্দরে তাকে এক দিনের বেশি সময় আটকে রাখা হয়। শনিবার ভোরে সাংবিধানিক আদালতের রায়ে বিমানবন্দর ছেড়ে একটি হোটেলে যাওয়ার অনুমতি পান তিনি।

এর আগে শুক্রবার এক্স পোস্টে আলবানিজ লেখেন, “মানবাধিকার রক্ষা করা সন্ত্রাসবাদ নয়।”

কোস্টা রিকার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ওমের বাদিয়া বলেন, আন্তর্জাতিক সতর্কবার্তার কারণে জাতীয় নিরাপত্তা রক্ষায় পুলিশ কঠোরভাবে আইন প্রয়োগ করেছে।

তবে এ বক্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

জবাবে আলবানিজ কোস্টা রিকার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে বলেন, “প্রমাণ থাকলে উপস্থাপন করুন, নইলে বক্তব্যের জবাবদিহি করতে হবে।”

বিমানবন্দরে আটকে থাকায় শুক্রবার অনলাইনেই কোস্টা রিকা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন আলবানিজ।

ভাষণে তিনি এই বাধার পেছনে মার্কিন অর্থ দপ্তরের নিষেধাজ্ঞার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনার আইনি ভিত্তি জানতে চেয়েছিল।

কোস্টা রিকার এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়ে তা পুনর্বিবেচনার আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক।

অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন কোস্টা রিকার সিদ্ধান্তের প্রশংসা করেন।

কোস্টা রিকার ডানপন্থি প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজের সরকার নিরাপত্তা ও অভিবাসন প্রশ্নে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে।

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের অন্যতম সোচ্চার আন্তর্জাতিক সমালোচক হয়ে উঠেছেন আলবানিজ।

এ কারণে ইসরায়েলপন্থি কর্মকর্তা ও সরকারগুলোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রও রয়েছে, যারা গত মে মাসে তার ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করে।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দেয়। ইসরায়েলি অর্থনীতি থেকে লাভবান হওয়া মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে কাজ করার অভিযোগে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ও সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ তুললেও তা অস্বীকার করেন আলবানিজ।