১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

চোট কাটিয়ে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

প্রায় মাসখানেক হলো কোনো ম্যাচ খেলেননি এমিলিয়ানো মার্তিনেস।

চোট কাটিয়ে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক

এমিলিয়ানো মার্তিনেস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:50 PM

Updated : 17 Nov 2026, 08:50 PM

চোয়ালের চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠেছেন এমিলিয়ানো মার্তিনেস। কোস্টা রিকার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

বছরের শেষ ম্যাচে কোস্টা রিকার মুখোমুখি হবে কোপা আমেরিকার চ‍্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার ভোর পাঁচটায়।

আগের দিন মার্তিনেসের ফেরার খবর নিশ্চিত করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোট পান চেলসির মার্তিনেস। ম্যাচের ৭৫তম মিনিটে ফ্রি-কিকের সময় বল নিয়ন্ত্রণে নেওয়ার লড়াইয়ে ব্র্যান্থওয়েটের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর চোট পান তিনি।

পরে জানা যায়, তার চোয়ালের হাড়ে চিড় ধরা পড়েছে। দ্রুতই তার অস্ত্রোপচার করানো হয়, এবং সেই থেকে আর কোনো ম্যাচ খেলেননি তিনি।

তবুও বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচের দলে মার্তিনেসকে রাখেন কোচ স্কালোনি। গত শনিবার উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে অবশ্য খেলতে পারেননি ৩৪ বছর বয়সি এই গোলরক্ষক।

কর্দোবায় আসছে ম্যাচে মার্তিনেসের ফেরার কথা জানিয়ে স্কালোনি বলেন, “এমিলিয়ানো খেলবে, সে পোস্টে থাকবে।

“হয়তো আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেদিন তাকে খেলানো ঝুঁকি হয়ে যেত। আর যেহেতু খেরো (খেরোনিমো রুলি), হুয়ান (মুসো) ও সান্তির (সান্তিয়াগো বেলত্রান) ওপর আমাদের আস্থা আছে, তাই আমরা তার (মার্তিনেস) যত্ন নেওয়ার সিদ্ধান্ত নিই। অতিরিক্ত তিনটা দিন তাকে বিশ্রাম দেওয়া ভালো সিদ্ধান্ত ছিল।”