২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

চবির হলে মারামারি: এক শিক্ষার্থীর সিট বাতিল

“সে বারবার বিশ্ববিদ্যালয়ের মানসম্মান ক্ষতিগ্রস্ত করেছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Published : 29 Nov 2026, 05:50 PM

Updated : 29 Nov 2026, 05:50 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ব্যাডমিন্টন খেলার সময়সীমা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনায় এক শিক্ষার্থীর চোখ গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় অভিযোগ ওঠা শিক্ষার্থীর আবাসিক সিট স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন।

রোববার হল প্রাধ্যক্ষ অধ্যাপক চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান।

এতে বলা হয়, শনিবার রাতে হলের ব্যাডমিন্টন খেলার মাঠে ২৫০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রুবেল রানার হামলায় ৪১৮ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ইসরাফিল হোসেনের চোখ মারাত্মকভাবে জখম হয়। এ সময় হলের নিরাপত্তাপ্রহরীসহ কয়েকজন আবাসিক শিক্ষার্থীও আহত হন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুবেল রানার বিরুদ্ধে এর আগেও সাধারণ শিক্ষার্থীদের মারধর, অসৌজন্যমূলক আচরণ, মিথ্যা মামলার ভয় দেখানো, হল অফিসের মালামাল চুরি, ডাইনিং থেকে জোর করে খাবার ও রান্নার সামগ্রী নিয়ে যাওয়া এবং অফিসের কর্মীদের নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এ পরিস্থিতিতে হলের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে রোববার হল কর্তৃপক্ষের জরুরি সভায় রুবেল রানার আবাসিক সিট স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তাকে অবিলম্বে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানতে চাইলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ ধ্যাপক চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রুবেল রানার বিরুদ্ধে আমরা অনেক আগে থেকেই হলে শিক্ষার্থী, স্টাফদের থেকে অভিযোগ পেয়েছি। ছাত্ররা তার বিরুদ্ধে গণস্বাক্ষরও দিয়েছে।

“এর পরও ছাত্র হিসেবে আমি এবং আমার সহকর্মীরা তাকে শুধরানোর অনেক চেষ্টা করেছি। তবে সে বারবার বিশ্ববিদ্যালয়ের মানসম্মান ক্ষতিগ্রস্ত করেছে। শেষ পর্যন্ত আমাদেরকে তার সিট বাতিল করতে হয়েছে।”

পুরনো খবর:

চবির হলে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মারামারি, আটক ১