চবির হলে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আটক ১
রাত ১২টার পর ব্যাডমিন্টন খেলা নিয়ে বিরোধ থেকে হাতাহাতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ব্যাডমিন্টন খেলার সময়সীমা নিয়ে বিরোধের জেরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এতে ইসরাফিল রাব্বি নামে এক শিক্ষার্থী চোখে গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় রুবেল রানা নামে আরেক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
আহত ইসরাফিল রাব্বি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আটক রুবেল রানা রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের মাঠে রাত ১২টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলার সময় নির্ধারিত রয়েছে। তবে নির্ধারিত সময়ের পরও কয়েকজন শিক্ষার্থী খেলা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রুবেল রানা তাদের খেলতে বাধা দেন।
এ নিয়ে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে ইসরাফিল রাব্বি চোখে আঘাত পান।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তাকর্মীরা রুবেল রানাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ডা. মুহাম্মদ টিপু সুলতান বলেন, “যিনি চোখে আঘাত পেয়েছেন, তাকে চট্টগ্রামে রেফার করে দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরও এসেছিলেন।
“তিনি সম্ভবত পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাকে আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুল হোসেন বলেন, “খেলাকে কেন্দ্র করে এটি হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। আর অভিযুক্তকে হাটহাজারী থানা পুলিশ নিয়ে গেছে।”
হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, “অভিযুক্ত বর্তমানে হাজতখানায় রয়েছেন। তবে এখনো কোনো মামলা করা হয়নি।”
