২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ‘ঘুষের এক লাখ টাকা’সহ উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে আটক

তার বিরুদ্ধে আমতলী পৌরসভার একটি উন্নয়ন প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ রয়েছে বলে ভাষ্য দুদকের।

বরগুনায় ‘ঘুষের এক লাখ টাকা’সহ উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে আটক

বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল মিয়াকে আটক করেছে দুদক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 05:27 PM

Updated : 23 Nov 2026, 05:27 PM

‘ঘুষের এক লাখ টাকা’সহ বরগুনার আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল মিয়াকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

সোমবার দুপুরে আমতলী পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দুদকের পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস জানিয়েছেন।

আটক রুবেল মিয়াকে আমতলী থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে দুদক।

তাপস বিশ্বাস বলেন, আমতলী পৌরসভার চলমান একটি উন্নয়ন প্রকল্পের জন্য উপসহকারী প্রকৌশলী রুবেল মিয়ার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ করেন ঠিকাদার শেখ নোমান রেজা। ওই অভিযোগের ভিত্তিতে দুপুরে পৌর এলাকায় অভিযান পরিচালনা করে দুদক।

এক পর্যায়ে ঠিকাদারের কাছ থেকে ঘুষের এক লাখ টাকা গ্রহণ করলে রুবেল মিয়াকে হাতেনাতে আটক করা হয় বলে জানান তিনি।

দুদক কর্মকর্তা তাপস বিশ্বাস বলেন, ওই প্রকৌশলী কেবল এক ঠিকাদারের কাছ থেকেই নন বরং আমতলী পৌরসভার প্রায় প্রতিটি উন্নয়ন প্রকল্প থেকেই নিয়মিত ঘুষ গ্রহণ করতেন, প্রাথমিক অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।